রাজধানীর ডেমরায় আট মাস আগে ভাড়াটিয়া বেশে বাসায় ঢুকে বৃদ্ধ দম্পতিকে অচেতন এবং খুন করে মূল্যবান জিনিসপত্র লুট করার ঘটনায় অজ্ঞান পার্টির ৭ নারী এবং ১ পুরুষ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি।
সংস্থাটির ডেমরা জোনাল টিমের এডিসি নাজমুল হাসান ফিরোজের নেতৃত্বে তাদের শনিবার গ্রেপ্তার করা হয়। খবরটি নিশ্চিত করেন তিনি।
এডিসি নাজমুল আরও জানান, এই গ্রুপের প্রায় ১০০ সদস্যের নাম-পরিচয় পাওয়া গেছে।
২০১৮ সালের ২৬ আগস্ট অচেতন করে খুনের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক অফিসার আব্দুস সাত্তার (৭৫) ও তার স্ত্রী সাহেরা খাতুন (৬০)।
স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই সময় জানায়, বাসা ভাড়া নিতে এসেছিলেন কয়েকজন নারী, দুপুরের দিকে তারা চলে যান। অনেকক্ষণ সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা বিকেলের দিকে বৃদ্ধ দম্পতিকে ঘরে অচেতন অবস্থায় আবিষ্কার করেন।
পরে এই দম্পতির ছেলে আমিনুল ইসলাম খবর পেয়ে বাবা-মাকে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাহেরাকে মৃত ঘোষণা করেন। এর এক ঘণ্টা পর মারা যান সাত্তার।
