টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ও তার সুফল সবার মধ্যে ছড়িয়ে দিতে ‘স্থানীয় সরকার কমিশন’ গঠন করা জরুরি।
গতকাল মাদারীপুরে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি আয়োজিত ‘এসডিজি বাস্তবায়নে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এমন মতামত দেন।
মূল প্রবন্ধ উপস্থাপনে নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পিছিয়ে থাকা প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর নাগরিক সুবিধা নিশ্চিত করা ও অপরিকল্পিত নগরায়ণের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা জরুরি।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, স্থানীয় সরকারের উপযুক্ত ক্ষমতায়ন ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে কার্যকর সমন্বয় সাধন হলে এসব সমস্যার সমাধান হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে স্থানীয় সরকারের সচেতনতা সৃষ্টি ও সক্ষমতা বাড়াতে মনোযোগ দিতে হবে।
সংলাপে অংশ নেওয়া বক্তারা ধনী-দরিদ্রের বৈষম্য কমানোসহ নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন। মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের সম্পাদক ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম প্রমুখ। এছাড়া, জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবীরা সংলাপে অংশ নেন।
