হলিউডে ইতিমধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ তালিকায় এবার যুক্ত হচ্ছে নতুন ওয়েডিং-কমেডি।
সিনেমাটির মূল উদ্যোক্তা হলিউডের নামি লেখক-অভিনেত্রী-নির্মাতা মিন্ডি কলিং। সম্প্রতি ড্যান গোরের সঙ্গে মিলে তিনি একটি চিত্রনাট্য তৈরি করেছেন। এর সঙ্গে রয়েছে বিখ্যাত প্রতিষ্ঠান ইউনিভার্সেল পিকচার্স।
শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয়ের পাশাপাশি নাম প্রকাশ না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন মিন্ডি।
ছবিটি প্রযোজনা করবে মিন্ডির প্রতিষ্ঠান কলিং ইন্টারন্যাশনাল, প্রিয়াঙ্কা চোপড়ার পার্পল পাবল পিকচার্স ও থ্রি আর্টস।
তবে ছবিটির গল্প সম্পর্কে এখনো জানা যায়নি। শুধু শোনা যাচ্ছে, এশিয়ার এক ধনী ব্যক্তির বিয়ে নিয়ে আবর্তিত হবে এর গল্প।
আমেরিকান টিভি সিরিজ, হলিউড সিনেমা ও বিয়ের কারণে অনেক দিন বলিউড সিনেমায় দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। সম্প্রতি শেষ করলেন সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। সত্য কাহিনি নির্ভর এ সিনেমায় আরও অভিনয় করেছেন ফারহান আখতার ও জায়রা ওয়াসিম। প্রযোজনাও করেছেন প্রিয়াঙ্কা। অন্যদিকে হলিউড প্রজেক্টের মধ্যে রয়েছে ধর্মগুরু রজনীশের শিষ্য মা শীলা আনন্দের বায়োপিক।
কিছুদিন আগে প্রিয়াঙ্কাকে দেখা গেছে স্বামী নিক জোনাসের ব্যান্ড জোনাস ব্রাদার্সের গান ‘সাকার’-এর ভিডিওতে। গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
