প্রশিক্ষণে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০১:৫৪ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) দুই শীর্ষ কর্মকর্তা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকারে গিয়েছিলেন বিওএ’র সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। প্রধানমন্ত্রীর কাছে  আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) আগামী বছর টোকিও অলিম্পিক গেমসের আমন্ত্রণপত্র পৌঁছে দেন বিওএ’র দুই শীর্ষ কর্তা। একই সঙ্গে বিভিন্ন ক্রীড়াবিদদের প্রশিক্ষণ বাবদ বরাদ্দ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তারা। সৌজন্য সাক্ষাৎ শেষে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা দেশ রূপান্তরকে জানান, প্রধানমন্ত্রী সারা বছর প্রশিক্ষণ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন এবং আসন্ন বাজেটে প্রশিক্ষণ খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়টিও দেখবেন বলে জানিয়েছেন।

বিওএ’র সভাপতির দায়িত্ব নেওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে শাহেদ রেজা বলেন, ‘আমরা প্রশিক্ষণ খাতে বাজেট বাড়ানোর বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলে তিনি সারা বছর প্রশিক্ষণ অব্যাহত রাখার নির্দেশ দেন।’ শাহেদ রেজা আরও বলেন, ‘টোকিও অলিম্পিকে আমন্ত্রণ জানানোর বিষয়টি তাকে জানানো হলে প্রধানমন্ত্রী সময় হলে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।’

আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু এবং পোখারায় হওয়ার কথা রয়েছে দক্ষিণ এশিয়ান সর্ববৃহৎ ক্রীড়া আসর এসএ গেমস। যদিও নেপাল এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি। ফলে এই আসর নিয়ে রয়ে গেছে শঙ্কা। বিওএ চায় এসএ গেমস না হলে এ বছর শেষভাগে অথবা সামনের বছর শুরুর দিকে বাংলাদেশ গেমস আয়োজন করতে। শাহেদ রেজা জানান, এ ব্যাপারে প্রধানমন্ত্রীও সম্মতি প্রদান করেছেন। এদিকে বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থাকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আন্তর্জাতিক প্রশিক্ষণ, বিদেশে দল পাঠানোসহ ক্রীড়াঙ্গনের সার্বিক বিষয় নিয়ে বিওএ’র দুই শীর্ষ কর্তা কথা বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত