রাজধানীর খিলগাঁও এলাকায় কিশোর আহমেদ আলী (১৫) হত্যা মামলায় আপন দুই ভাইকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজাপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন শাহাদাত হোসেন বাবু (৪২) ও সাজ্জাদ হোসেন পিপলু (৩৪)। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন গুলজার হোসেন, বাদল হোসেন ও রমিজ উদ্দিন। মামলার অভিযোগ থেকে জানা গেছে, বাদী নারগিস আক্তার আসামিদের বাসায় ভাড়া থাকতেন। ২০১১ সালের ১১ মে রাতে নারগিসের ছেলে আহমেদ আলীকে একা পেয়ে খিলগাঁওয়ের পূর্ব গোড়ান এলাকার এক চায়ের দোকানের পেছনে জবাই করে হত্যা করা হয়।
