ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে বিজিএমইএ ভবন

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০৬:৫৬ পিএম

ডিনামাইট ব্যবহার করে হাতিরঝিলের বিজিএমইএ এর অবৈধ ভবনটি ভাঙা হবে। র‌্যাংগস ভবন অপসারণের অভিজ্ঞতা মাথায় রেখে কনট্রোলড ডিমোলিশন বা নিয়ন্ত্রিত বিস্ফোরণ পদ্ধতি ব্যবহার করে বিজিএমইএ ভবনটি অপসারণ করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

মঙ্গলবার দুপুরে বিজিএমইএ ভবন অপসারণ করতে এসে রাজউকের হাতিরঝিল প্রকল্পের পরিচালক রায়হানুল ফেরদৌস এ তথ্য জানান। ভবনে যারা আছেন তাদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য রাজউক কর্তৃপক্ষ আজ বিকেল পাঁচটা পর্যন্ত তাদের সময় দিয়েছেন। এর মধ্যে তাদের মালামাল সরিয়ে নিতে হবে।

তিনি বলেন, ‘ভবন অপসারণের অংশ হিসেবে আজ আমরা প্রথমে ইউটিলিটি সার্ভিসের কাজ বন্ধ রেখেছি।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে আমরা ভবনটি চীনা বিশেষজ্ঞদের দেখিয়েছি। তারা সরেজমিন পরিদর্শন করেছেন। মূলত ভবনটি কন্ট্রোল ডিমোলেশনের মাধ্যমে অপসারণ করা হবে। ইতিপূর্বে র‌্যাংগস ভবন অপসারণ করতে গিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে। আমরা চাই সেরকম ঘটনা যাতে আর না ঘটে। এ জন্য যতো ধরনের সতর্কতা আছে তা অনুসরণ করা হবে।’

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান জানান, ‘বিকেল পাঁচটার পর আমরা ভবনটি সিলগালা করে দেব এবং আইনগত ব্যবস্থা নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত