বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পরিবহন ব্যবসায়ী মাহবুব আলম শাহীন (৫২) হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তার স্ত্রী আকতার জাহান শিল্পী বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন। এতে ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। এদিকে ঘটনার ২৪ ঘণ্টা পরও শাহীন হত্যায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার ব্যাপারে জানতে চাইলে বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘পুলিশ দ্রুত সময়ের মধ্যে আইনি পদক্ষেপ নেবে।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ‘খুন হওয়া বিএনপি নেতা শাহীন আইনজীবী এবং পরিবহন মালিকদের সংগঠনের নেতাও ছিলেন। তাই এই হত্যার পেছনে রাজনৈতিক কারণের পাশাপাশি ব্যবসায়িক মতবিরোধের বিষয়গুলোও খতিয়ে দেখছি আমরা।’
গত রবিবার রাতে বগুড়া শহরের উপশহর বাজারে একদল যুবক বিএনপি নেতা শাহীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে শাহীন হত্যার প্রতিবাদে জেলা বিএনপি ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল বেলা ১১টার দিকে এই হত্যার বিচার দাবিতে শহরে শোক-পদযাত্রা বের করে জেলা বিএনপি।
