ডিএনসিসির লাইসেন্স সুপারভাইজার বরখাস্ত

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৩:৩৮ এএম

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) লাইসেন্স সুপারভাইজার আবদুর রশিদকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করে ডিএনসিসি। আবদুর রশিদ লেজার কিপার হলেও ডিএনসিসির অঞ্চল-৩-এর রাজস্ব বিভাগে লাইসেন্স সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।

ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়–য়া স্বাক্ষরিত এক চিঠিতে আবদুর রশিদকে বরখাস্তের আদেশ জারি হয়। এতে তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, করপোরেশনের অর্থ আত্মসাৎ, চুরি, তহবিল তছরুপ ও প্রতারণার অভিযোগ করা হয়েছে।

আবদুর রশিদের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়া, প্রতারণা, জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের উপ-সহকারী পরিচালক ওমর ফারুক এসব অভিযোগ দীর্ঘদিন ধরে অনুসন্ধান করছিলেন। রশিদকে দুদকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। পরে ওমর ফারুকের বদলে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় সহকারী পরিচালক ইসমাইল হোসেনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত