যশোর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে পুলিশের এক পরিদর্শক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে শহরতলির রেলক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন (৫৭) যশোর পুলিশ লাইন্সে অস্ত্রাগারে কর্মরত ছিলেন। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামের প্রয়াত মতিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামটিতে।
যশোর রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, মুড়লি মোড় রেলক্রসিংয়ের কাছে সেলিম হোসেন দাঁড়িয়ে ছিলেন। ওই সময় যশোর থেকে খুলনায় যাচ্ছিল সাগরদাঁড়ি ট্রেন। চলন্ত ট্রেনের ধাক্কায় রেললাইনে পড়ে তিনি মারা যান। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সমির কুমার সরকার জানান, সেলিম হোসেন ট্রেনের নিচে পড়ে তিন খণ্ড হয়ে যান।
সেলিম নিহত হওয়ার খবর পাওয়ার পর তার বাড়িসহ গোটা গ্রামের মানুষকে শোকগ্রস্ত দেখা গেছে। পরিদর্শক নিহত হওয়ার খবর পাওয়ার পরপরই যশোরের উদ্দেশে রওনা হন তার স্ত্রী ডলি পারভিনসহ স্বজনরা। নিহত পুলিশ কর্মকর্তার গ্রাম কমলাপুরে আজ বুধবার কমলাপুর গ্রামে তার দাফন হবে।
