অ্যাসাঞ্জপ্রিয় হ্যাকারদের তোপ বিধ্বস্ত ইকুয়েডর

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১১:৩০ পিএম

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে নেওয়ার পর ইকুয়েডরে ৪ কোটি বার সাইবার হামলা চালানো হয়েছে। গত সোমবার দেশটির সরকারের পক্ষ থেকে সাইবার হামলা নিয়ে বিবৃতি দেওয়া হয়।

ইকুয়েডরের তথ্য এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের ডেপুটি মন্ত্রী প্যাট্রিসিও রিয়েল জানান, ‘গত ১১ এপ্রিল থেকে সাইবার হামলা শুরু হয়েছে। হামলাগুলোর অধিকাংশই যুক্তরাষ্ট্র, ব্রাজিল, হল্যান্ড, জার্মানি, রুমানিয়া, ফ্রান্স, অস্ট্রিয়া এবং যুক্তরাজ্য থেকে করা হচ্ছে।’

গত বৃহস্পতিবার লন্ডনে ইকুয়েডর দূতাবাস অ্যাসাঞ্জকে যুক্তরাজ্যের কাছে হস্তান্তর করে। ব্রিটিশ পুলিশ ইকুয়েডরের দূতাবাসে প্রবেশ করেই তাকে গ্রেপ্তার করে। ওই গ্রেপ্তারের ঘটনার পরই মূলত সাইবার হামলা শুরু হয়।

দেশটির টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের সটিক জ্যাভিয়ার জারা বলেন, জুলিয়ান অ্যাসাঞ্জ সংশ্লিষ্ট গ্রুপগুলো ইকুয়েডরের অনলাইন কার্যক্রম এক কথায় ব্যাহত করে দিয়েছে। সরকারি এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠানের ওয়েবসাইট এরইমধ্যে বন্ধ হয়ে গেছে হামলার কারণে।

ইকুয়েডরের পররাষ্ট্র মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক, প্রেসিডেন্টের দপ্তর, অভ্যন্তরীণ কর দপ্তর, মন্ত্রণালয়গুলো এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যন্ত হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় ঠিক কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দেশটির কর্র্তৃপক্ষ। সূত্র : এএফপি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত