দেশ রূপান্তরকে ইলিয়াস আলীর বড় ছেলে আবরার

সরকার চাইলে বাবাকে ফেরত আনা সম্ভব

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০৩:০১ এএম

বিএনপির ‘নিখোঁজ’ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস আশা প্রকাশ করে বলেছেন, তার বাবা তাদের পরিবারের মাঝে ফিরে আসবে। সরকার চাইলে এটি সম্ভব। গতকাল বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সভায় তিনি এ আশা প্রকাশ করেন। এরপর সন্ধ্যায় দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে আবরার একই প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সরকারের সদিচ্ছা থাকলে তার বাবাকে তারা ফিরে পেতে পারেন। কারণ এরই মধ্যে নিখোঁজ হওয়া কেউ কেউ ফিরে এসেছেন। সরকারের সব সংস্থা চেষ্টা করলে তার বাবাকেও ফিরিয়ে আনা সম্ভব। তিনি বলেন, ‘সরকার রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে আন্তরিকভাবে চেষ্টা করলে আমার বাবাকে ফেরত আনা সম্ভব।’

ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার পর করা রিট আবেদনের প্রসঙ্গ টেনে আবরার বলেন, রিটের শুনানিতে আদালত প্রতি মাসে নিখোঁজ ইলিয়াসের সন্ধানের বিষয়ে অগ্রগতি সম্পর্কে জানাতে বলেছিল। কিন্তু একবার জানানোর পর আর অগ্রগতি জানানো হয়নি বলেও অভিযোগ করেন আবরার।

২০১২ সালের ১৬ এপ্রিল মধ্যরাতে ইলিয়াস আলী ড্রাইভারসহ ‘নিখোঁজ’ হন। সে সময় ইলিয়াস আলীর বড় ছেলে আবরার ইলিয়াস এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পরের দিন তার কেমিস্ট্রি পরীক্ষা ছিল। কিন্তু আবরার সেই পরীক্ষা পরের বছর দিয়ে পাস করেন। এরপর ব্যারিস্টারি পড়তে যান যুক্তরাজ্য।

দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এম ইলিয়াস আলী মুক্তি ছাত্র-সংগ্রাম পরিষদের উদ্যোগে ‘বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধানের’ দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় আবরার অভিযোগ করেন, তারা বাবা নিখোঁজ হননি, তাকে গুম করা হয়েছে। তিনি বলেন, ‘আমার বাবা সত্যের পথে কথা বলতেন। তাই তাকে গুম করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত