পহেলা বৈশাখের রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী। এরপরই তাকে রাজধানীর সিএমএইচে নেওয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগেই হার্ট অ্যাটাক করেন এই শিল্পী। এরপর থেকে এখনো লাইফ সাপোর্ট আছেন তিনি।
গতকাল বেলা ১১টার দিকে এই শিল্পীর জন্য গঠিত চিকিৎসক বোর্ড পরীক্ষা-নিরীক্ষা শেষে তার পরিবারকে জানায়, তার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু উন্নতির দিকে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যেতে হবে। সুবীর নন্দীর জামাতা ড. রাজেশ সিকদার বলেন, ‘চিকিৎসকরা তাকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করেন। এরপর তারা একটি বৈঠক করেন। শেষে জানান, তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। কিডনি, ব্লাড প্রেশার, ডায়াবেটিস এখন স্বাভাবিক রয়েছে। তবে হার্টের কন্ডিশন ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন।’
ড. রাজেশ জানান, তাকে (সুবীর নন্দী) এই হাসপাতালে আরও দু-তিন দিন রাখতে হবে। অবস্থার আরেকটু উন্নতি হলেই বিদেশে নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা। এর আগে আমেরিকায় সুবীর নন্দীর হার্টের অপারেশন করতে গিয়েও সেখানকার চিকিৎসকরা করতে পারেননি। এখানকার চিকিৎসকরা আবার তাকে আমেরিকায় অপারেশন করার পরামর্শ দিয়েছেন।
