ট্রাফিক সার্জেন্টকে মারধর

দুই সহোদর আটক

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৩:২৭ এএম

সাভারে দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগে দুই সহোদরকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া সড়কের জিরাবো চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন আশুলিয়ার ঘোষবাগ এলাকার আব্দুল মোতালেব হোসেনের ছেলে মনির হোসেন (৫২) ও রফিক (৪৮)।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ দেশ রূপান্তরকে জানান, জিরাবো এলাকায় যানজটে পড়ে একটি ব্যক্তিগত গাড়ি উল্টোপথে যাচ্ছিল। তখন সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রোকনুজ্জামান গাড়িটি থামিয়ে কাগজপত্র দেখতে চান। গাড়ির কাগজপত্র নিতে গিয়ে চালককে সিটবেল্ট বাঁধা না থাকা অবস্থায় দেখতে পান রোকনুজ্জামান। এ নিয়ে গাড়িটিতে থাকা মনির ও রফিক নামে দুই সহোদর রোকনুজ্জামানের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রোকনুজ্জামানকে মারধর করেন দুই সহোদর। তখন সড়কে দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে তাদের আটক করে থানায় খবর দেন। পরে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুই সহোদরকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে সার্জেন্ট রোকনুজ্জামান বাদী হয়ে দুই ভাইয়ের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত