চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার ভ্রাম্যমাণ দোকান থেকে কাঁকড়া খেয়ে মাহফুজুর রহমান (২৩) নামে এক যুবকের অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, সন্ধ্যার দিকে মাহফুজ নামে এক যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাঁকড়া খেয়ে অ্যালার্জি এফেক্ট করায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
মাহফুজুর রহমান নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার স্থানীয় বাসিন্দা এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা যায়, শুক্রবার বিকেলে এক বন্ধুর সাথে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় বেড়াতে যান মাহফুজুর রহমান। পরবর্তীতে সেখানকার ভাসমান খাবার বিক্রির দোকান থেকে কাঁকড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন দু’জনেই। শ্বাসকষ্ট বেড়ে তাদের দু’জনেরই নাক, মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। এ অবস্থা দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। অন্যজনের বিস্তারিত তথ্য জানা যায়নি ।
এই বিষয়ে কোন অভিযোগ বা তথ্য জানা নেই বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
