অ্যাভেঞ্জার্সের চেয়ে রেলের টিকিট পাওয়া সহজ!

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১১:৫৮ এএম

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তি পাচ্ছে শুক্রবার। সারা বিশ্বের মতো ভারতেও সিনেমাটি নিয়ে তুমুল উত্তেজনা চলছে। অনলাইনে অগ্রিম টিকিট ছাড়তেই হামলে পড়েন মার্ভেল সুপারহিরোর ভক্তরা।

সেই কাণ্ড নিয়ে দেশটির একটি অনলাইন নিউজ পোর্টাল জানায়, এর চেয়ে রেলের টিকিট পাওয়া অনেক সহজ।

বলা হচ্ছে, টিকিটের জন্য সারা রাত ধরেই চেষ্টা করেছেন অনেকে। এর মধ্যে কেউ কেউ রাত সাড়ে তিনটা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে টিকিট পাননি। অনলাইনেও নাকি একই অবস্থা।

রোববার বেলা ১২টার মধ্যেই নাকি ভারত জুড়ে অগ্রিম বুকিং শেষ এই সিনেমার। মুম্বাই থেকে দিল্লি, বেঙ্গালুরু, কলকাতায় টিকিট না পেয়ে হতাশ ভক্তরা।

অনলাইনে টিকিট বিক্রেতা বুক মাই শো খুললেই দেখা যাচ্ছে প্রায় দেড় লাখেরও বেশি মানুষ সিনেমাটি দেখতে উৎসাহ প্রকাশ করেছেন। কিন্তু চাহিদার তুলনায় পর্যাপ্ত টিকিট নেই।

এদিকে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির টিকিট বুকিং শুরু হয়। খুব দ্রুতই রেকর্ডসংখ্যক শো বুকিং হয়ে যায়। অনলাইনে নিলাম সাইটগুলোতে হু হু বাড়তে থাকে টিকিটের দাম।ওই সময় রিসেল ওয়েবসাইট ই-বে’তে একটি টিকিটের দাম উঠে ৫০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪০ হাজার টাকারও বেশি।

‘এন্ডগেম’ এই সিরিজের সর্বশেষ সিনেমা। ধারণা করা হচ্ছে, মার্ভেল সুপারহিরো মুভিজের সম্ভবত সবচেয়ে বড় হিট আসবে এই ছবি।

জো ও অ্যান্থনি রুশো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, বেনেডিক্ট কাম্বারব্যাচ, টম হল্যান্ড, চ্যাডউইক বোসমান, মার্ক রাফেলো, ডন ছেডলে, পল বেট্টানি, এলিজাবেথ ওলসেন, অ্যান্থনি ম্যাকিয়ে, সেবাস্টিয়ান স্ট্যান, টম হিডেলস্টোন, জো সালডানা, জশ ব্রোলিন, ক্রিস প্রাট, পল রুড ও ব্রি লারসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত