বনানীর ২/এ নম্বর সড়কের ৯ নম্বর বাসাটি শোকে আচ্ছন্ন। কিছুদিন আগেও যে শিশু আলোকিত করে রেখেছিল বাসাটি, হাসত খেলত; সেই আট বছরের জায়ান আর নেই। শ্রীলঙ্কায় নারকীয় বোমা হামলা কেড়ে নিয়েছে ফুটফুটে শিশুটির প্রাণ। বোমা হামলায় আহত জায়ানের
বাবার অবস্থাও আশঙ্কাজনক। শ্রীলঙ্কার হাসপাতালে ধুঁকছেন তিনি।
জায়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাত ভাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের মেয়ে শেখ আমেনা ইয়াসমিনের ছেলে। অর্থাৎ প্রধানমন্ত্রী ও শেখ সেলিমের নাতি। জায়ানের বাবা মশিউল হক চৌধুরী। কেউ বলতে পারছে না তাকে বাঁচানো যাবে কী না।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জায়ানের লাশ আসার কথা থাকলেও প্রক্রিয়াগত কারণে আজ বুধবার দুপুর ১টার দিকে লাশ আসবে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ। এই অপেক্ষা যেন শোককে আরও বাড়িয়ে তুলছে। বাড়ির সামনে ছিল পুলিশি পাহারা। স্বজনরা আসছেন। সবার চোখেমুখে শোক। বাড়ির ভেতরে নিচতলায় চলছিল কোরআন খতম।
শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ জানান, আজ বুধবার দুপুর ১টা ১০ মিনিটে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জায়ানের মরদেহ আসবে। বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে জানাজার মাঠ দেখতে গিয়েছিলেন শেখ ফজলুল করিম সেলিম। তার মেয়ের জামাই মশিউল হক চৌধুরীর সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি জানান, জায়ানের বাবা এখনো শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তবে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাবে না। তিনি এখনো শঙ্কা মুক্ত নন।
শেখ সেলিম বলেন, হামলার ঘটনায় তার জামাতার শরীর থেকে তিন লিটার রক্ত বের হয়ে গেছে। অস্ত্রোপচার করা হয়েছে। লিভারে বোমার স্পিøন্টার পাওয়া গেছে। স্টমাক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পায়ের যে অবস্থা তাতে এখন তাকে হাসপাতাল থেকে সরানো সম্ভব নয়।
গতকাল দুপুরে জায়ানদের বনানীর বাড়িতে এসেছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফয়েল আহমেদ। এ সময় তিনি বলেন, আমরা শোকাহত। এ ঘটনায় আমরা মর্মাহত, ক্ষতিগ্রস্ত। আমি ব্যক্তিগতভাবেও অত্যন্ত মর্মাহত। শেখ সেলিম আমার অত্যন্ত কাছের মানুষ। তার নাতির এ ঘটনা একটি পরিবারের ওপর নির্মম আঘাত। আপনারা জানেন কাল (আজ বুধবার) লাশ আসবে, বনানী মাঠে জানাজা হবে, আপনারা সবাই দোয়া করবেন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বনানীর চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ মাঠে শামিয়ানা টানানোর কাজ চলছে। বাসায় চলছে কোরআন খতম । সকাল থেকে সেখানে ১২ জন হাফেজ কোরআন খতম করছিলেন। সকালে শেখ সেলিমের বাসায় তাকে সান্ত্বনা দিতে এসেছিলেন সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ বিভিন্ন অঙ্গনের মানুষ।
শ্রীলঙ্কায় বাবা মা ভাইয়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল জায়ান। বোমা হামলার সময় মা ও বড় ভাই হোটেল কক্ষেই ছিলেন। জায়ান ও তার বাবা নাশতা খেতে নেমেছিলেন। এ সময় বোমা হামলায় মারা যায় জায়ান। গুরুতর আহত হন বাবা। জায়ান উত্তরা রাজধানীর সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
