প্রাথমিক স্কুলে নৈশপ্রহরী নিয়োগে সতর্কতা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০৫:২০ এএম

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন করে অস্থায়ী ভিত্তিতে সৃজিত দপ্তরি-কাম-প্রহরী পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে নিয়োগ পাইয়ে দিতে কেউ কেউ আর্থিক দেনদেন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের উদ্দেশ্যে জারিকৃত সংশোধিত নীতিমালা অনুযায়ী উপজেলা শিক্ষা কমিটি কর্র্তৃক নিয়োগ প্রদান করা হয়। তাই নিয়োগের জন্য আর্থিক লেনদেন না করতে গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদটি সরকারের রাজস্ব খাতের কোনো পদ নয়। এটি সম্পূর্ণ অস্থায়ী পদ। এই মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, এই পদে নিয়োগের জন্য কোনো কোনো ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন করা হচ্ছে। যেহেতু এই পদটি সম্পূর্ণ অস্থায়ী এবং এটি রাজস্ব খাতের কোনো পদ নয়, সেহেতু এই পদে যারা নিয়োগ পাচ্ছেন তাদের চাকরি স্থায়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ কারণে দপ্তরি-কাম-প্রহরী পদে চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি, কর্মকর্তা বা কোনো প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা সমীচীন হবে না। এতে এই পদে চাকরি প্রার্থী ও চাকরি গ্রহীতা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে উল্লেখ করা হয়েছে। এমতাবস্থায় সম্পূর্ণ অস্থায়ী পদ হিসেবে সৃজিত দপ্তরি-কাম-প্রহরী পদে নিয়োগ লাভের জন্য কোনোরূপ আর্থিক লেনদেন না করতে সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ প্রদান করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত