হাত না থাকা সত্ত্বেও হাতে লেখার প্রতিযোগিতায় শিরোপা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০২:৫৯ পিএম

হাত না থাকা সত্ত্বেও হাতে লেখার প্রতিযোগিতায় সেরা পুরস্কার জিতে নিল এক মার্কিন শিশু। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ১০ বছর বয়সী এ স্কুলছাত্রীর জন্ম থেকেই হাত নেই।

এনডিটিভি জানায়, মেরিল্যান্ডের ফ্রেডেরিকের সেন্ট জন'স রিজিওনাল ক্যাথলিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী সারা হিনসেল। হাত ছাড়া জন্ম নিয়েও থেমে থাকেনি সে। দুই বাহুর প্রচেষ্টায় ছবিও আঁকতে পারে সে। এমনকি মাটির পুতুলও তৈরি করে সারা।

সারা হিনসেল টানা হাতের লেখার জন্য ২০১৯ সালের নিকোলাস ম্যাক্সিম পুরস্কার বিজয়ী হয়। প্রতি বছরই দুজন বিশেষ শিক্ষার্থীকে এই পুরস্কারটি দেওয়া হয়। একটি হাতের লেখার জন্য আরেকটি স্ক্রিপ্টের জন্য।

সে শুধু ইংরেজিই না, দুই বাহু দিয়ে অনায়াসে লিখতে পারে মান্দারিন ভাষাও। দুই বাহুর মধ্যে পেনসিলটা চেপে ধরে লিখে যায় সে। সারার এ লড়াইয়ে উচ্ছ্বসিত তার শিক্ষকরাও।

সারাকে নিয়ে শিক্ষিকা শেরিল চুরিললা বলেন, “তাকে কখনো ‘আমি পারব না’ কথাটি বলতে শুনিনি। যেটি কেউ করারও চেষ্টা করবে না, সারা সেই কাজটিও হাসিমুখে করে দেবে। ও একজন রকস্টার। যার অভিধানে ‘হেরে যাওয়া’ বলে কোনো শব্দই নেই।”  

সারা'র মা ক্যাথরিন বলেন, “নিজ চেষ্টাতেই সবকিছু করে ও। কোনো সাহায্য নিতে চায় না। এতটাই আত্মবিশ্বাস ওর।”

তবে লেখার চেয়ে আঁকার প্রতিই আগ্রহ বেশি সারার। সে জানায়, “কয়েকটি অক্ষর নিয়ে শব্দ তৈরি করতে আমার বেশি পছন্দ। আসলে লেখা নয়। আমি অক্ষর আঁকতেই ভালোবাসি বেশি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত