ভালুকায় পল্লী বিদ্যুতের মিথ্যা মামলা

তিন দিন হাজতবাসে মিলেছে সংযোগ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১০:১০ পিএম

ময়মনসিংহের ভালুকায় পল্লী বিদ্যুতের গ্রাহক না হয়েও মিথ্যে মামলায় তিন দিন হাজতবাস করা কৃষক জালাল উদ্দিন ম-লকে (৫০) নতুন সংযোগ (মিটার) এবং পনের হাজার টাকা দিয়েছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি। অথচ গত মঙ্গলবার তাকে মামলার ফটোকপি দিতেও অপারগ ছিলেন সমিতির কর্মকর্তারা। পত্রিকায় সংবাদ প্রকাশের পর ওই কর্মকর্তারাই সদলবলে ছুটে যান উপজেলার বিরুনীয়া গ্রামের মুসলিম উদ্দিন ম-লের ছেলে জালাল উদ্দিন ম-লের বাড়ি।

গতকাল বুধবার ‘গ্রাহক না হয়েও বকেয়া বিলের দায়ে হাজতবাস’ শিরোনামে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় খবর প্রকাশ হওয়ার পর বিষয়টি পল্লী বিদ্যুৎ চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ হয়। তিনি ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএমকে সরেজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য নির্দেশ দেন।

ওই নির্দেশ পেয়ে যে জিএম ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে মামলার একটি ফটোকপি দিতে অপারগতা প্রকাশ করেছিলেন তিনি এজিএম (কম), এজিএম (অর্থ)সহ পল্লী বিদ্যুতের বিশাল বাহিনী নিয়ে রাতেই জালাল উদ্দিনের বাড়িতে ছুটে যান। তারা ওই বাড়িতে উপস্থিত হলে স্থানীয় লোকজনের তোপের মুখে পড়েন। একপর্যায়ে জিএম পল্লী বিদ্যুতের পক্ষ থেকে জালাল উদ্দিনের কাছে দুঃখ প্রকাশ করে তাকে পনের হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (ভালুকা)-এর এজিএম (অর্থ) তুহিন রহমান জানান, ভুক্তভোগী ব্যক্তিকে মামলার কপি দিতে জিএম স্যারের নিষেধ থাকায় তা দেওয়া সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত