অনুমোদনহীন মামলা

আইও, পিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০২:২৮ এএম

সরকারের অনুমোদন ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযোগপত্র দাখিল করায় সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সরকারপক্ষের কৌঁসুলির (পিপি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বগুড়া সদর থানায় দায়ের করা ওই মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই অভিযোগপত্র দাখিল করা হয়েছে উল্লেখ করে মামলার আসামি রফিকুল ইসলাম ওরফে রুবেলের করা জামিন আবেদনের ওপর গতকাল বুধবার শুনানি হয়। শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ থেকে এ আদেশ আসে। 

আদালত ওই আসামিকে জামিন দিয়ে আদেশে বলেছে, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ বিভাগীয় ব্যবস্থা নেবে; পিপির বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন মন্ত্রণালয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। আসামি রফিকুল ইসলাম রুবেলের পক্ষে ছিলেন আইনজীবী তারিকুল ইসলাম।

মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ২৩ আগস্ট বগুড়া সদর থানায় চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে র‌্যাব। ২৪ আগস্ট রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে ওই বছরের ২৪ নভেম্বর রফিকুলসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরে ২০১৫ সালে মামলাটি বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এ বদলি করা হয়। গত বছরের ৬ জুন বিচারিক আদালতে রফিকুলের জামিনের আবেদন নামঞ্জুর হয়। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন পাঁচ বছর ধরে কারাগারে থাকা রফিকুল। এরই ধারাবাহিকতায় গতকাল শুনানি শেষে রফিকুলকে জামিন দিয়ে এ আদেশ দেয় হাইকোর্ট। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ মাহমুদ মোর্শেদ দেশ রূপান্তরকে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের ৪০ (২) ধারা অনুযায়ী মামলা, তদন্ত ও অভিযোগপত্র দাখিলের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। পাশাপাশি সংশ্লিষ্ট বিচারকও এ বিষয়টি নিশ্চিত করবেন যে, অনুমোদন নেওয়া হয়েছে। না হলে প্রক্রিয়াটি অবৈধ হবে। আজ (গতকাল) ওই আসামির জামিন শুনানিকালে আদালত দেখতে পায় যে, এ মামলার ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটেছে। এ কারণে মামলার আইও ও পিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর সাক্ষ্যগ্রহণের পর্যায়ে থাকা এই মামলার বিচারক বর্তমানে অবসরে যাওয়ায় তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি আদালত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত