চার বছর পর ঢাকা-দিল্লি-ঢাকা রুটে ফের চালু হতে যাওয়া ফ্লাইটের টিকিটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৩ মে থেকে এ রুটে আবার ফ্লাইট চালু হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ৩০ মের মধ্যে টিকিট ক্রয়কারীরা ছাড়ের সুযোগ পাবেন। বিমানের জিএম জানান, ঢাকা থেকে দেশি-বিদেশি সব এয়ারলাইন্সের মধ্যে একমাত্র বিমানই ঢাকা-দিল্লি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি লাভজনক রুট হবে বলে আশা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ১৩ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দিল্লি-ঢাকা রুটে আবার ফ্লাইট চালুর পর প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন (সোম, বৃহস্পতি ও শনিবার) ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
শাকিল মেরাজ জানান, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত ফ্লাইট বিকেল ৩টায় ছেড়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে পৌঁছাবে। আবার দিল্লির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে ঢাকায় অবতরণ করবে রাত ৯টা ২০ মিনিটে। তিনি বলেন, ঢাকা-দিল্লি-ঢাকা রুটে রিটার্ন টিকিট এক মাস মেয়াদে ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ট্যাক্স ছাড়া সর্বনিম্ন ৩০০ ডলার (প্রায় ২৫ হাজার টাকা) । এক বছর মেয়াদি টিকিটের ক্ষেত্রে ট্যাক্স ছাড়া সর্বনিম্ন ৩২০ ইউএস ডলার (প্রায় ২৭ হাজার টাকা) ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০১৪ সালের ২৩ আগস্ট লোকসানের অজুহাতে এ রুটটি বন্ধ করে দেওয়া হয়।
