ক্লাসের পথে সড়কেই প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০৩:৩৮ এএম

রাজধানীর শেরেবাংলা নগরে রাইড শেয়ারিং মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহমিদা হক লাবণ্য (২১) নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহের ফুলপুর উপজেলার এমদাদুল হকের মেয়ে লাবণ্য শ্যামলীর বাসা থেকে ক্লাসে যাচ্ছিলেন বলে জানান ছোট ভাই হাসানুল হক মৃদুল।

শেরেবাংলা নগর থানার এসআই প্রবীর রঞ্জন ধর বলেন, ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লাবণ্য অ্যাপভিত্তিক মোটরসাইকেলে রাইড শেয়ারিং ব্যবহার করে শ্যামলী থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মাথার ডান পাশে গুরুতর জখম হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ তিনি আরও বলেন, ‘হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। পরিবারের সঙ্গে শ্যামলীর ৩/এ, ৩৩ নম্বর রোডে লাবণ্য থাকত।’ ঘটনাস্থলে থাকা আরেক এসআই নুরুল ইসলাম বলেন, ‘হৃদরোগ ইনস্টিটিউট থেকে ৯৯৯ নম্বরে ফোন করে দুর্ঘটনার বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলি। কিন্তু কোন গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা; তা কেউ নিশ্চিত নয়। কাছের সিসিটিভি ক্যামেরাগুলো ঘটনাস্থলের আওতায় পড়ে না। মূল ঘটনাটি জানতে বেগ পেতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘মেয়েটি রাইড শেয়ারিং মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয় যাচ্ছিলেন, এটা নিশ্চিত হওয়া গেছে। রাইডার সুমনও (২৩) দুর্ঘটনায় আহত হয়েছেন। কিন্তু পুলিশ আসার আগেই তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। প্রেসক্রিপশনও নেননি। তাকে পেলে বিস্তারিত জানা যাবে।’ ওসি জানে আলম মুন্সি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিন ভোরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিপ গাড়ি চাপায় ইটভাটার চার শ্রমিক ও কর্ণফুলীতে সিএনজিচালিত অটোরিকশা উল্টে যুবক, ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় মাদ্রাসাছাত্র, পটুয়াখালীর দুমকিতে পোলট্রি ব্যবসায়ী এবং নওগাঁর রানীনগরে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রী আর আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত হন। নিজস্ব প্রতিবেদক, ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

সড়ক ও রেলে আরও ৯ জনের প্রাণহানি : রাঙ্গুনিয়া থানার এসআই ইসমাইল জানান, গতকাল ভোররাতে চাঁদের গাড়ি (জিপ) চাপায় চার ইটভাটার শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হন। তিনি আরও জানান, ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে হাসান আলী নামে এক ব্যক্তির মালিকানাধীন ইটভাটার ঘুমন্ত সাত শ্রমিকের ওপর লাকড়ি বোঝাই একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে নোয়াখালীর হাতিয়ার উপজেলার জাফর (৩৫), আবদুল মোনাফ (৫০), নাজিম (২৪) ও রিয়াজ (১৮) মারা যান। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, কর্ণফুলী উপজেলার শাহমীরপুর বাদামতল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে আবদুল হালিম রাজু (৩৫) নামে এক যুবক নিহত হন। গতকাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি আনোয়ারা উপজেলার বখতিয়ারপাড়া গ্রামের অলি আহমদের ছেলে।

দুমকি থানার ওসি মনিরুজ্জামান জানান, মুরগির বাচ্চাবাহী একটি পিকআপ উপজেলার মাদ্রাসা ব্রিজ পাড় হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পিকআপ আরোহী পোলট্রি ব্যবসায়ী রিপন (৪০) গুরুতর আহত হন। পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বাউফলের কনকদিয়া গ্রামের বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ২ নম্বর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সোহাগ রানা জানান, গতকাল বেলা ১১টার দিকে শহরের কাজীপাড়ায় কালীবাড়ি মোড়-পৈরতলা সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় ইমামিন (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সে শহরের কাজীপাড়ার মাহমুদ শাহ মাজার এলাকার ফজলু মিয়ার ছেলে ও খতমে নবুওয়াত মাদ্রাসায় পড়াশোনা করত।

নওগাঁর রানীনগর থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান জানান, গতকাল বিকেলে উপজেলায় আবাদপুকুর-আদমদীঘি রাস্তার বগারবাড়ি বাজার এলাকায় ট্রাক্টরের ধাক্কায় তাসকিয়া আক্তার (১৪) নামে এক নবম শ্রেণির ছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার কামতা জগৎপুর গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছে। এদিকে আত্রাই থানা ওসি মোবারক হোসেন জানান, গতকাল সকালে আহসানগঞ্জ রেলস্টেশন এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা চলাহাটি তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ভুট্টু বাহাথ (২৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি জয়পুরহাট সদর ঋষিপাড়া এলাকার নগীন বাহাথের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত