শ্রীলঙ্কা ফেরত ১১ শ্রমিককে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১২:২১ এএম

ভয়াবহ আত্মঘাতী সিরিজ বোমা হামলার পর শ্রীলঙ্কা থেকে ১১ শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা আত্মঘাতী এক বোমা হামলাকারীর প্রতিষ্ঠানে কাজ করতেন।

শুক্রবার সকাল ১২টায় মালিন্দ এয়ার লাইনসের একটি ফ্লাইটে (ওডি ১৬৪) তারা ঢাকায় আসেন। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর ইমিগ্রেশন পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। শ্রীলঙ্কা থেকে ফেরত আসা শ্রমিকদের সবার বাড়ি টাঙ্গাইলে জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলাকারীদের মধ্যে আপন দুই ভাইয়ের একজন  ইনসাফ ইব্রাহীমের একটি তামা কারখানায় এই শ্রমিকরা কাজ করতেন। ওই কারখানাতেই আত্মঘাতী হামলায় ব্যবহৃত বোমাগুলো তৈরি হয়েছিল বলে শ্রীলঙ্কার পুলিশের বরাত দিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, ওই কারখানায় যারা কর্মরত ছিলেন, তারা কেউ বোমা হামলা বা সন্ত্রাসবাদের বিষয়ে কোনও তথ্য জানেন কিনা, সে জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলম্বোয় বাংলাদেশ দূতাবাস থেকে এ বিষয়ে তথ্য পাওয়ার পর ঢাকার আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে বিমানবন্দরে অবস্থান নেন। বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকাতেই বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তাদেরকে দিনভর জিজ্ঞাসাবাদ করেন।

ইনসাফ ইব্রাহীম সাংরি-লা হোটেলে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল। তার ভাই ইলহাম ইব্রাহীম পাশের সিনোমন গ্র্যান্ড হোটেলে আত্মঘাতী হামলা চালায়। হামলার পর পুলিশ তাদের বাড়িতে অভিযান চালানোর সময় ইলহামের স্ত্রী ফাতিমা দুই শিশু সন্তানকে নিয়ে আত্মঘাতী হয়, সেখানে পুলিশের তিন কর্মকর্তাও নিহত হয়েছেন। তবে রয়টার্স নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইলহামের বিষয়ে এক খবরে দাবি করে, সে নিজের বাড়িতেই স্ত্রী ও সন্তানদের নিয়ে আত্মঘাতী হয়েছে।

আত্মঘাতী এই  সহোদরের বাবা মোহাম্মদ ইব্রাহীম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে শ্রীলঙ্কান পুলিশ।

ইনসাফ ইব্রাহীমের যে কারখানায় বাংলাদেশি শ্রমিকরা কাজ করতেন, সেটি কলম্বোর উপশহর ওয়েল্লাম্পিটিয়া এলাকায় অবস্থিত। বাংলাদেশি ছাড়াও সেখানে ভারতীয় অন্তত ৪০ জন শ্রমিক কাজ করতেন। বোমা হামলার পর তারাও নিজ দেশে ফিরে গেছেন। কোলোসসাস লিমিটেড নামে তামার ওই কারখানার শ্রীলঙ্কান স্টাফ ও সুপারভাইজারদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গত রোববার সকালে দেশটির খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে আত্মঘাতী হামলায় এখন পর্যন্ত ২৫৩ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫০০ জন।

এদিন তিনটি গির্জা এবং তিনটি হোটেলে এক যোগে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। একইদিন আরও দুই জায়গায় হামলার ঘটনা ঘটে।

স্থানীয় মুসলিম মৌলবাদী সংগঠন ন্যাশনাল তাওহীদ জামায়াতকে (এনটিজে) এ হামলার জন্য দায়ী করে শ্রীলঙ্কা সরকার। পরবর্তীতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে। এনটিজে-কে দিয়েই এ হামলা চালায় আইএস। তবে ভয়াবহ হামলার পেছনে আরও কয়েকটি গোষ্ঠীকে খুঁজছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত