মুম্বাইকে পেলে খেলা ভুলে যায় চেন্নাই!

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০১:০৫ এএম

রোহিত শর্মার ফিফটিতে দেড় শ পেরোনো স্কোর গড়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের জন্য অবশ্য সেটি খুব বেশি চ্যালেঞ্জিং ছিল তা বলা যাবে না। কিন্তু লাসিথ মালিঙ্গা বল হাতে ৪ উইকেট নিলেন। দারুণ বল করলেন ক্রুনাল পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহ। তাতে চেন্নাইয়ের মাঠে জয় তুলে নেওয়া মুম্বাই ইন্ডিয়ান্সের।

শুক্রবার দিনের একমাত্র ম্যাচে চেন্নাইকে ৪৬ রানে হারায় মুম্বাই। এ নিয়ে এই আসরে দুইবারের দেখাতেই চেন্নাইকে হারাল মুম্বাই। আগের ম্যাচে ৩৭ রানে হেরেছিল চেন্নাই। যেন প্রতিপক্ষ হিসেবে মুম্বাইকে পেলে খেলা ভুলে যায় দলটি।

টস হেরে এদিন আগে ব্যাটিংয়ে নামে মুম্বাই। রোহিত শর্মা সর্বাধিক ৬৭ রান করেন। তার ৪৮ বলের ইনিংসে ছিল ৬ চার ও ৩ ছক্কা। সর্বোচ্চ ৩২ রান আসে এভিন লুইসের ব্যাট থেকে। এ ছাড়া হার্দিক পান্ডিয়া ১৮ বলে অপরাজিত ২৩ রান করেন। চেন্নাইয়ের পক্ষে সর্বাধিক ২ উইকেট নেন মিচেল সান্টনার।

জবাব দিতে নেমে চেন্নাই শুরু থেকেই ছিল পথ হারা। ওপেনার মুরালি বিজয় বাদে টপ অর্ডারের পরের পাঁচ ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের স্কোর স্পর্শ করতে পারেননি। মুরালি ৩৮ রান করেন ৩৫ বলে। ৩টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা।

৬৬ রানে ৬ উইকেট হারানো চেন্নাই এক শ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কায় ছিল। শেষ পর্যন্ত ডোয়াইন ব্রাভো (২০) ও সান্টনারের (২২) কল্যাণে শতরান পেরোয় স্বাগতিক দল।

এদিন মহেন্দ্র সিং ধোনিকে ছাড়াই খেলেছে চেন্নাই। দলটিকে নেতৃত্ব দিয়েছেন সুরেশ রায়না।

শুরুতেই শেন ওয়াটসনকে ফেরানো লাসিথ মালিঙ্গা পরে নেন আরো তিন উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন ক্রুনাল পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহ। তবে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।

এই জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বর পজিশনে ওঠে এসেছে মুম্বাই। ১১ ম্যাচে ৪ জয়ে ১৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত