কুড়িগ্রামের চিলমারীতে ভাগ্নিকে খুঁজতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক মামি (৩২)। গত বুধবার রাত ৮টার দিকে চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম কড়াই বরিশালচরে এ ঘটনা ঘটে। পরদিন সকালে ওই নারী ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চাইলে পরে তাকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনের মধ্যে রঞ্জু ও জেলহক মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে।
রাঙ্গামাটিতে অন্তঃসত্ত্বা এক জনপ্রতিনিধিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে হোটেলে পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় ঝংকু চাকমা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ঝংকু চাকমার বাড়ি লংগদু উপজেলার ছোট কাট্টলি এলাকায়।
ময়মনসিংহের নান্দাইলে সিংরইল হিন্দুপাড়া গ্রামে ১৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। সে আট মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
জয়পুরহাট ক্ষেতলালে বিনাই পাঁচকুপি ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নরসিংদীর শিবপুরের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি রায়হান মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব। বিস্তারিত সংবাদদাতা ও প্রতিনিধিদের পাঠানো খবরে :
ভাগ্নিকে খুঁজতে এসে দল বেঁধে ধর্ষণের শিকার মামি : কুড়িগ্রামের চিলমারীতে ভাগ্নিকে খুঁজতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন মামি। গতকাল দুপুরে জেলা পুলিশ কনফারেন্স কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মেহেদুল করিম সাংবাদিকদের জানান, বুধবার রাতে ধর্ষণের শিকার ওই নারীসহ চারজন স্বজন টাঙ্গাইল থেকে পালিয়ে আসা ভাগ্নি রাজিয়াকে (২০) খুঁজতে আসেন। এর আগে তারা খবর পেয়েছিলেন, ভাগ্নি পালিয়ে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সদর থানার কড়াই বরিশালচরে এসেছে। রাত ৮টার দিকে তারা ওই চরে এসে পৌঁছান। এ সময় তাদের সহযোগিতা করার নাম করে ধর্ষক রঞ্জু বাকি তিন স্বজনকে ঘাটে অপেক্ষা করতে বলে। এরপর নির্যাতিতা ওই নারীকে একাই ভাগ্নিকে খুঁজে দেওয়ার নাম করে খোলা চরে নিয়ে যায়। সেখানে নৌকার মাঝিসহ পালাক্রমে ধর্ষণ করে। পরে মোবাইলে আরও দুই সহযোগীকে ডেকে আনে ধর্ষক রঞ্জু।
গত বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার ওই নারী ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চাইলে, কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম নিজে মাঝরাতে অভিযান চালান। এ সময় অভিযুক্ত ধর্ষক দুজনকে হাতেনাতে আটক করেন। এ ব্যাপারে চিলমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
রাঙ্গামাটিতে অন্তঃসত্ত্বা এক জনপ্রতিনিধিকে ধর্ষণের অভিযোগ : রাঙ্গামাটিতে অন্তঃসত্ত্বা এক জনপ্রতিনিধিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সংরক্ষিত নারী সদস্য বলেন, ‘গত বুধবার আমি লংগদু থেকে রাঙ্গামাটি আসি। আমার জেঠাতো ভাই ফোন করে গুরুত্বপূর্ণ কথা আছে বলে রিজার্ভ বাজারের গ্রীন ক্যাসেলে আসতে বললে আমি সেখানে যাই। তখন সে আমাকে কোকাকোলার সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সারারাত ধর্ষণ করে। গতকাল তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করি।’
ওই নারীর স্বামী সাধন কুমার চাকমা বলেন, ‘আমার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এমন কাজের জন্য গর্ভের সন্তানের ক্ষতি হলে অভিযুক্ত ঝংকুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’ লংগদু ইউনিয়ন পরিষদের মেম্বার জগদীশ চন্দ্র চাকমা বলেন, ‘ঝংকু ছেলেটা ভালো না। এ পর্যন্ত সে তিনটি বিয়ে করেছে। কিন্তু স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেছে। আমরা এ ঘটনার বিচার দাবি করছি।’
লংগদু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুলীন মিত্র চাকমা জানান, ভিকটিম এখনো কিছুই জানায়নি। তবে বিষয়টি আমি শুনেছি। ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তার কঠোর শাস্তি হবে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল আলম রনি জানান, ভিকটিম থানায় অভিযোগের পর অভিযুক্ত ঝংকু চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে সে ঘটনা স্বীকার করেছে।
১৩ বছরের শিশু অন্তঃসত্ত্বা : ময়মনসিংহের নান্দাইলে সিংরইল হিন্দুপাড়া গ্রামে ১৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। সে আট মাসের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসকরা জানিয়েছেন। পরিবারের অভিযোগ, গ্রামের মোবারক (১৪) ও রাকিবের (১৫) ধর্ষণের শিকার হয় শিশুটি। এই নিয়ে গ্রামের মাতব্বরদের কাছে দ্বারস্থ হলেও কোনো প্রতিকার মেলেনি। উল্টো পরিবারটিকে একঘরে ঘোষণা করে হুমকি দিচ্ছে অভিযুক্তরা। পরে মামলা হলে চারজনকে আটক করেছে পুলিশ।
শিশুর বাবা স্থানীয় সাংবাদিকদের জানান, নিজের সন্তানের এমন কঠিন পরিস্থিতিতে তিনি স্থানীয় ইউপি সদস্য মো. সাইদুর রহমান, সাবেক সদস্য আবুল কালাম ও আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতাকে বিষয়টি জানান। পরবর্তী সময়ে শিশুটির আলট্রাসনোগ্রাম করানো হয়। কিন্তু এরপর ইউপি সদস্য ও গ্রাম্য মাতব্বররা বেঁকে বসেন।
পারিবারিক সূত্র জানায়, ধর্ষিত শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে। ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর গত কদিন ধরে রাকিব ও মোবারক স্কুলে যাচ্ছে না বলেও খবর রয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পর শিশুর পরিবারের সঙ্গে আপস-মীমাংসার নামে টালবাহানা শুরু করে গ্রাম্য মাতব্বররা।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান জানান, তারা স্থানীয়ভাবে বিষয়টি সুষ্ঠুভাবে নিষ্পত্তি করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। পরে সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষণে অভিযুক্ত মোবারক, তার বাবা চান্দু মিয়া, রাকিবের মা নাসরিন, ফুপু নুরেসাকে আটক করা হয়েছে। আর ধর্ষিত শিশু ও তার পরিবারকে থানা হেফাজতে রাখা হয়েছে।
জয়পুরহাটে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ : জয়পুরহাট ক্ষেতলালে বিনাই পাঁচকুপি ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ছাত্রীকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাব্বি (১৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, ক্ষেতলাল উপজেলার হিন্দা গ্রামের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে গত বুধবার বিকেল থেকে পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিল না। পরদিন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে থাবাইল মাঠ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে। শিশুটি তার পরিবারকে জানিয়েছে, রাব্বি তাকে ধর্ষণ করেছে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, ‘আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে মূল অভিযুক্ত রাব্বিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। বর্তমানে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার : নরসিংদীর শিবপুরের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি রায়হান মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার ভোরে ঢাকার উত্তরা থানার বায়তুন নূর জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রায়হানের বাড়ি বাহারদিয়া।
বিকেলে নরসিংদী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব এই তথ্য জানান। তিনি সাংবাদিকদের বলেন, ২০ এপ্রিল সন্ধ্যায় গ্রেপ্তারকৃত রায়হান চার বছরের শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে আড়ালে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিত শিশুর দাদা বাদী হয়ে শিবপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গতকাল বিশেষ অভিযান চালিয়ে ঢাকার উত্তরা বায়তুন নূর জামে মসজিদ এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
