চুলের সমস্যায় মারাত্মক রোগ

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ০৮:১৮ এএম

অনেক সময়ই চুলে নানা রকম সমস্যা দেখা দেয়। যেমন, চুল ঝরে পড়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, মাথার ত্বকে খুশকি হওয়া ইত্যাদি। কিন্তু এসব অনেক সময় হতে পারে অন্য মারাত্মক রোগের লক্ষণ। হয়তো আমাদের শরীরে ঘাপটি মেরে রয়েছে বড় ধরনের কোনো অসুখ। তবে আমরা নিজেরা হয়তো তা বুঝতে পারি না। কথাটি আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও কিন্তু এটা সত্যি। আমাদের দেহের কিছু রোগের লক্ষণ দেখা দেয় এই চুলের নানা ধরনের সমস্যার মাধ্যমে। সঠিক সময়ে এই লক্ষণগুলো ধরতে পারলে চিকিৎসার মাধ্যমে রেহাই পেতে পারি মারাত্মক কিছু রোগ থেকে।

রুক্ষ চুল

চুলের দিকে ভালো করে লক্ষ করুন। আগের তুলনায় চুলের রুক্ষতা কি বেড়ে যাচ্ছে দিনে দিনে? অন্যান্য সব বিষয় ও নিয়মিত চুলের যত্নের পরেও যদি চুলের রুক্ষতা বাড়তে থাকে তাহলে তা অবশ্যই চিন্তার বিষয়। কারণ এটি সাধারণ কোনো কিছু নাও হতে পারে। কোনো কারণ ছাড়া অতিরিক্ত চুল রুক্ষ হয়ে পরা হাইপোথায়রোডিসমের লক্ষণ। অর্থাৎ আপনার থাইরয়েড গ্রন্থি ঠিক মতো কাজ করছে না। আপনার দেহে ঠিক মতো হরমোন তৈরি হচ্ছে না। আপনাকে এই সময় অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ এটি পরবর্তী সময়ে মারাত্মক আকার ধারণ করতে পারে।

খুশকি

চুলে অনেকেরই খুশকি হয়। এই সমস্যাকে চুলের সাধারণ সমস্যা হিসেবেই আমরা ধরে নিই। কিন্তু এই খুশকির পেছনে লুকিয়ে থাকতে পারে ‘সরিয়াসিসের’ মতো মারাত্মক ত্বকের সমস্যা। তবে খুশকির ধরন কী রকম সেটা ভালো করে খেয়াল করা জরুরি। সাধারণ খুশকি তেমন ক্ষতিকর না হলেও যাদের মাথায় স্বাভাবিকের তুলনায় বেশি খুশকি হয় এবং বেশ মোটা চামড়ার মতো খুশকি ঝরে পড়ে তাদের এই ধরনের রোগে আক্রান্ত হতে দেখা যায়। সরিয়াসিস ত্বকের মারাত্মক সমস্যাগুলোর মধ্যে একটি যার কারণে অনেক সময় দীর্ঘসময় ধরে চিকিৎসা নিতে হয়।

অতিরিক্ত চুল পড়া

সাধারণভাবে দিনে ১০০টি চুল পড়ে থাকে। এটা স্বাভাবিক এবং এতে ঘাবড়ানোর কিছুই নেই। কিন্তু যদি এর চাইতে বেশি মাত্রায় চুল পড়ে তবে তা অবশ্যই গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। কারণ অতিরিক্ত চুল পড়ার লক্ষণ দেখা দিতে পারে ‘পলিসটিক ওভারাইন সিনড্রোম’ রোগ হলে। তাই অবহেলা নয়। 

ভঙ্গুর চুল

অনেক সময় আমাদের মাথার চুল ভেঙে যায়। তবে অনেকেই এটাকে গুরুত্ব দিয়ে থাকেন না। কিন্তু এই চুল ভাঙার কারণ হতে পারে দেহে প্রোটিনের মাত্রা কমে যাওয়ার লক্ষণ। দেহে প্রোটিনের অভাবের কারণে চুলের ভঙ্গুরতা বাড়ে। প্রোটিন শরীরের জন্য খুবই উপকারী উপাদান। বিশেষ করে দেহের হাড়, নখ ও চুল বৃদ্ধিতে এই প্রোটিন খুবই জরুরি। প্রোটিনের অভাবে দেখা দিতে পারে গাল ফুলে যাওয়া, নখ সাদা হয়ে যাওয়া, চোখ ও হাত ফুলে যাওয়ার মতো নানা সমস্যা। তাই চুলের এসব লক্ষণ দেখা দেওয়া মাত্র দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন, পরামর্শ নিন, ভালো থাকুন।

ডা. সাব্বির মুহাম্মদ শাওকাত

চর্ম, যৌন, চুল, অ্যালার্জি বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জন

চেম্বার: স্কিন স্কয়ার

করিম টাওয়ার, ৪৪/৭/এ ও বি

পশ্চিম পান্থপথ, কলাবাগান

×
সর্বশেষ সর্বাধিক পঠিত