চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুর মোড় এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্তি মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্তি মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের আছির উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোর ৫টার দিকে শান্তি মিয়া দামুড়হুদা উপজেলার রামনগর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার দিকে আসছিল। এসময় তিনি ভালাইপুর মোড় এলাকায় পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের দিকে যাওয়া দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সড়কের ধারে ছিটকে পড়েন শান্তি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়।
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার্ড করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্তি নামে এক মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। ভোরে ফাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটিয়ে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে।
