বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী মাস থেকে পুনরায় ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট চালু করবে। এয়ার ক্রাফ্ট স্বল্পতার কারণে ২০১৪ সালের সেপ্টেম্বরে এই রুটে ফ্লাইট বন্ধ করে দেওয়া হলেও বাণিজ্যিক কারণে এটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রাষ্ট্রায়ত্ত একমাত্র এয়ারলাইনসটির অপারেশন ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আগামী ১৩ মে থেকে দিল্লির পথে বিমান ফ্লাইট চালু হচ্ছে।
আগামী সপ্তাহের শেষে নাগাদ দিল্লি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পাবে বিমান। সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ ফ্লাইট পরিচালনা করবে বিমান। ফ্লাইট সূচি অনুযায়ী, বিমান ঢাকা থেকে বিকেল ৩টায় রওনা হয়ে দিল্লিতে পৌঁছাবে ৫টা ২০ মিনিটে। অপর দিকে ৬টা ২০ মিনিটে দিল্লি ছেড়ে ৯টা ২০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে। বর্তমানে এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট ও ইন্ডিগো কলকাতা হয়ে ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা করছে।
