ফরিদপুর ও খুলনায় দুটি কেন্দ্রে ‘ভুল করে’ আজ (২৯ এপ্রিল) অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র গতকাল পরীক্ষার শুরুর আগমুহূর্তে খুলে ফেলেন কর্তব্যরত শিক্ষকরা। এ কারণে ঢাকা ও যশোর বোর্ডের এই দিনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
ঢাকা ও যশোর বোর্ডে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৯ এপ্রিলের পরিবর্তে আগামী ৭ মে বিকেল ২টায় নেওয়া হবে। অন্য বোর্ডগুলোতে ২৯ এপ্রিল সকাল ১০টায় ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রসহ পূর্বনির্ধারিত অন্যান্য পরীক্ষা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক গতকাল রবিবার বিকেলে দেশ রূপান্তরকে এসব তথ্য জানান। তিনি বলেন, গতকাল ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে আজ অনুষ্ঠেয় ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্নের ফয়েল খাম এবং খুলনার পাইকগাছার কপিলমুনি কেন্দ্রে এই পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট খুলে ফেলায় ঢাকা ও যশোর বোর্ডের এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
জিয়াউল হক বলেন, আজ (২৯ এপ্রিল) সকালে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র, শিশু বিকাশ দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র (ডিআইবিএস) এবং বিকেলে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং ক্রীড়া (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। ঢাকা ও যশোর বোর্ড বাদে অন্যান্য বোর্ডের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের সঙ্গে পূর্বনির্ধারিত আজকের অন্যান্য পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
