জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করতে বাধা নেই। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবি নোটিসের কার্যকারিতার ওপর হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল তা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গতকাল রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ দুদকের করা আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেয়। দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের জানান, রুহুল আমিন হাওলাদারকে দুদকের দেওয়া নোটিসের কার্যকারিতা গত ৩ এপ্রিল এক আদেশে চার সপ্তাহের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। এর বিরুদ্ধে দুদক আপিল করে। আপিল বিভাগ হাইকোর্টের আদেশটি স্থগিত করে দিয়েছে। এখন তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলতে কোনো বাধা নেই।
সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের জন্য গত বছরের ১৩ সেপ্টেম্বর রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুদক। কিন্তু ওই সময় নির্বাচনের প্রস্তুতির কারণ দেখিয়ে হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন হাওলাদার। এরপর ফের চিঠি পাঠিয়ে গত ২৮ মার্চ তাকে দুদকের সেগুনবাগিচাস্থ প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। পরে ওই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন হাওলাদার। ওই রিটের ওপর শুনানি নিয়ে ৩ এপ্রিল হাইকোর্ট দুদকের নোটিসের কার্যকারিতার ওপর চার সপ্তাহের স্থগিতাদেশ দেয়।
