রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের জয় হয়েছে। আওয়ামী লীগ সমর্থিতরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ পদে নির্বাচিত হয়েছে।
অন্যদিকে বিএনপি সমর্থিত আইনজীবীদের ভরাডুবি হয়েছে। তারা একটি সহ-সভাপতি পদ ও দুইটি সদস্য পদে জয়লাভ করেছেন।
বুধবার সকালে ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রউফ।
ঘোষিত ফলাফলে নির্বাচিতরা হলেন- সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল মালেক, সহ-সভাপতি পদে বিএনপির রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল হক প্রামাণিক, সহ-সাধারণ সম্পাদক পদে ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন, কোষাধ্যক্ষ পদে নাইনুর রহমান, বার কমপ্লেক্স সম্পাদক পদে জিয়াউল হাসান জিয়া, লাইব্রেরি সম্পাদক আকতার হোসেন জুয়েল, ধর্ম সম্পাদক পদে আবু সুফিয়ান হিরু, ক্রীড়া সম্পাদক পদে মতাজুল আরেফীন আরিফ, সদস্য পদে মোজহার আলী পাভেল, আইনুল হক, প্রশান্ত কুমার রায়, গোলাম মওলা চৌধুরী, ফজলুল হক ফাহিম, রনজিৎ সরকার, জাতীয় পার্টির রবিউল ইসলাম রবি, বিএনপির আবু হাসান সরকার লেলিন নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আইনজীবীরা দ্বিধা-বিভক্ত মালেক-জহিরুল-হক পরিষদ, জলিল-রেজা-তাতা মজনু প্যানেল, হাছনাইন-মশিয়ার-নির্মল-বিউটি পরিষদ নামে তিনটি প্যানেল দিয়ে নির্বাচন করেন।
অন্যদিকে বিএনপি সমর্থিতরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে নির্বাচন করেন। বিভক্তির পরেও গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের জয়লাভে আইনজীবীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
এবারের নির্বাচনে ৩৪৩জন ভোটারের মধ্যে ৩২০জন ভোটার ভোট প্রয়োগ করেন। তাদের মধ্যে ৫৪জন নারীও রয়েছে।
