রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) বসবাস ব্যবহার সনদ এবং বৃহৎ ও বিশেষ প্রকল্পের ছাড়পত্র আগামী মাস থেকে অনলাইনে পাওয়া যাবে। গতকাল বৃহস্পতিবার রাজউকের সেমিনারকক্ষে এক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুর রহমান।
অনুষ্ঠানে রাজউকের অনলাইনে ভূমি ব্যবহার ছাড়পত্র ও নির্মাণ অনুমোদন প্রক্রিয়ার অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম।
রাজউক চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নের অংশ হিসেবে রাজউক আজ (গতকাল) অনলাইন সেবা চালু করেছে। আজ রাজউকের ভূমি ব্যবহার ছাড়পত্র ও ভবন নির্মাণ অনুমোদন প্রক্রিয়া অনলাইনে চালু হলো।’ তিনি বলেন, ‘ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে আগে ১৬টি ধাপ ছিল, যা কমিয়ে এখন ৬টি ধাপে নামিয়ে আনা হয়েছে। এর ফলে ‘ডিলিং উইথ কনস্ট্রাকশন পারমিট’-এ বাংলাদেশের স্কোর ৬০.০৪ থেকে ৮৬.১৯ হয়েছে। বাংলাদেশের সরকারি সব সংস্থার রিফরমের কারণে সর্বোচ্চ পয়েন্ট অর্জন সম্ভব হয়েছে। এই স্কোর প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান ১৭৬ থেকে ১৩০-১৪০-এর মধ্যে চলে আসবে। রাজউকের সেবা সহজীকরণের জন্যই এমনটি হয়েছে।’
আয়োজকরা জানান, অটোমেশনের ফলে এখন থেকে গ্রাহকরা রাজউকে না গিয়েই ঘরে বসে অনলাইনে ভূমি ব্যবহার ছাড়পত্র ও ভবন নির্মাণ অনুমোদনের আবেদন করতে পারবেন এবং অনলাইনেই তা নিষ্পত্তি করা হবে। এ ক্ষেত্রে আবেদন কোন পর্যায়ে আছে তা জানতে গ্রাহককে রাজউকে আসতে হবে না বা কোনো ব্যক্তির সঙ্গে দেখাও করতে হবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহিদুল্লাহ খন্দকার, অতিরক্ত সচিব আখতার হোসেন, ইয়াকুব আলী পাটওয়ারী, টেকনো হ্যাভেন কোম্পানির প্রধান নির্বাহী হাবিবুল্লাহ এম করিম, রাজউক সদস্য (প্রশাসন ও অর্থ) আমজাদ হোসেন, সদস্য (স্টেট ও ভূমি) আজহারুল ইসলাম, সদস্য (উন্নয়ন) মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।
