ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বিমান বাংলাদেশের ঢাকা-রাজশাহী ও রাজশাহী-ঢাকা রুটের শুক্রবারের ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে, এদিনের নভোএয়ার ও ইউএসবাংলার ফ্লাইট চলাচল করেছে।
রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে দায়িত্বরত বিমানের সুপারভাইজার মামুন-আল-রশিদ জানান, বিমানের ঢাকা-রাজশাহী ফ্লাইটে ৪০ এবং রাজশাহী-ঢাকা ফ্লাইটে ৩৭ জন যাত্রী ছিলেন।
মামুন-আল-রশিদ জানান, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি বিকেল সাড়ে ৩টায় রাজশাহীর উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল। পাইলট ৩টার দিকেই বিমানে ওঠেন। আবহাওয়া খারাপ দেখে তিনি যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন।
তিনি জানান, পরে ৫টা ২৩ মিনিটে ঢাকা থেকে ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়। এদিকে ঢাকা থেকে বিমান না আসায় রাজশাহী-ঢাকা রুটের ফ্লাইটটিও বাতিল করতে হয়েছে। শুক্রবার বিমানটি না আসার কারণে এই যাত্রাও বাতিল করতে হয়েছে ।
শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, শুক্রবার রাজশাহী-ঢাকা রুটে তিনটি ফ্লাইট ছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ বাতিল করলেও ইউএস বাংলা ও নভোএয়ারের ফ্লাইট ছেড়ে গেছে। যদিও আবহাওয়া খারাপের কারণে ইউএস বাংলার ফ্লাইটে বিলম্ব হয়েছে। ইউএস বাংলা রাজশাহী থেকে যাত্রা শুরুর কথা ছিল বিকেল ৪টা ২০ মিনিটে। তবে সেটি আকাশে উড়ে সন্ধ্যা ৬টার দিকে।
তিনি জানান, এই বিমানটি ঢাকা থেকে রাজশাহী আসার কথা ছিল বিকেল ৩টা ৫০ মিনিটে। তবে শুক্রবার সেটি নির্ধারিত সময়ে আসতে পারেনি। তাই রাজশাহীও ছাড়তে পারেনি নির্ধারিত সময়ে।
সেতাফুর রহমান বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা সব সময় সতর্ক আছেন। শনিবারও আবহাওয়া খারাপ থাকলে বিমানের যাত্রা বাতিল হতে পারে।
