ক্রিকেটে ব্রাজিলের চেয়ে অনেক এগিয়ে আর্জেন্টিনা

আপডেট : ০৩ মে ২০১৯, ১০:২৮ পিএম

ফিফা র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার চেয়ে আট ধাপ এগিয়ে ব্রাজিল। নেইমারের দেশ ব্রাজিলের অবস্থান যেখানে তৃতীয়, আর্জেন্টিনা সেখানে আছে এগারো নম্বরে। কিন্তু ক্রিকেটে চিত্রটা একেবারেই উল্টো। ব্রাজিলের চেয়ে ১৩ ধাপ এগিয়ে আর্জেন্টিনা।

গেল বছর একসঙ্গে ১০৮টি দেশকে দেওয়া হয়েছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা। দেশগুলোর মধ্যে ছিল ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, জার্মানির মতো ফুটবল পরাশক্তি দেশগুলো। এই দেশগুলো যে ক্রিকেটও খেলে, বলতে গেলে তা জানা গিয়েছিল তখনই।

এবার একসঙ্গে ৮০ দেশের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। প্রয়োজনীয় ম্যাচ খেলে র‌্যাঙ্কিংয়ে ভেতরে চলে এসেছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেনের মতো দেশগুলো।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৮০ দেশের মধ্যে আর্জেন্টিনার অবস্থান যেখানে ৫৬, সেখানে ব্রাজিলের অবস্থান ৬৯। স্পেন দুই দেশের চেয়ে বেশ ভালো অবস্থায় আছে। দেশটির অবস্থান ৪১। আর জার্মানি আছে ৩৬তম স্থানে।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে পাকিস্তান। ২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ২২০ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে দশম স্থানে। নেপাল আছে ১১তম স্থানে। আইসিসির সহযোগী দেশটি পূর্ণ সদস্য জিম্বাবুয়ে (১৩তম) ও আয়ারল্যান্ডের (১৫) চেয়েও এগিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত