ঘূর্ণিঝড় ফণির সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি তার কার্যালয়ের
ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।
ঘূর্ণিঝড় ফণির কারণে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত দেশের উপকূলীয় জেলাগুলোর ঝুঁকিপূর্ণ অঞ্চলের ৪ লাখ ৪ হাজার ২৫০ জনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল। গতকাল দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ধ্যার মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর ২১ থেকে ২৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে তার কার্যালয়ের তত্ত্বাবধানে সারা দেশে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলারও প্রস্তুতি গ্রহণ করা হয়ছে। সেনা, নৌ, বিমানবাহিনী ও কোস্টগার্ডসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় ফণির সম্ভাব্য আঘাতের পরিপ্রেক্ষিতে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ঘূর্ণিঝড় ফণির কারণে সাপ্তাহিক ছুটি বাতিল করে প্রধানমন্ত্রীর কার্যালয় শুক্র ও শনিবার খোলা রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
