‘ফণী’ মোকাবিলায় ভারতীয় আবহাওয়া দপ্তরের প্রশংসা জাতিসংঘের

আপডেট : ০৪ মে ২০১৯, ০৬:৩২ পিএম

শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর হাত থেকে জান-মালের ক্ষয়ক্ষতি এড়াতে ভারতীয় আবহাওয়া দপ্তরের ভূমিকার প্রশংসা করছে জাতিসংঘ। জীবনহানি ও ক্ষয়ক্ষতি রুখতে ভারত ভীষণ ভালো কাজ করেছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক সংস্থাটি।

জাতিসংঘের ‘অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন’ (ওডিআরআর) এর মুখপাত্র জেনিস ম্যাকক্লিন বলেন, ‘নির্ভুল সতর্কবার্তায় আগেই ১১ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে তাদের প্রায় ৯০০টি সাইক্লোন সেন্টারে আশ্রয় দেওয়ায় জান-মালের ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালেই ভারতের ওড়িশার পুরীতে শুরু হয় ফণীর তাণ্ডব। ১৭৫ কিলোমিটার গতিতে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়া লন্ডভন্ড করে দেয় রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। প্লাবিত হয়ে যায় বহু নিচু এলাকা। দেশটির আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে গণমাধ্যমের দাবি, ১৯৯৯-এর সুপার সাইক্লোনের পর গত ২০ বছরে ওড়িশায় এমন ভয়ংকর ঝড় হয়নি। কিন্তু এই ভয়ংকর ঝড়ে যে পরিমাণ প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, তা হয়নি। শনিবার সকাল পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। এ ছাড়া পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে নিহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।

জাতিসংঘ জানায়, ভারতের আবহাওয়া দপ্তরের নির্ভুল তথ্য এবং আগাম সতর্কতার জন্যই প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। সংস্থাটির সাধারণ সচিব মামি মিজুতোরি ভারতের এই সাফল্যের প্রশংসা করার সময় #সেন্দাইফ্রেমওয়ার্ক এর প্রসঙ্গ তুলে ধরেন। ২০১৫ সালে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণে বিপর্যয়ের ঝুঁকি কমানো নিয়ে জাপানের সেন্দাইয়ে বিশ্ব সম্মেলন হয়েছিল। বিপর্যয়ের ঝুঁকি আগে থেকে বুঝতে পারা এবং তা নিয়ন্ত্রণে আনতে সব রকমের সুবিধার ব্যবহার নিশ্চিত করে জান-মালের হেফাজত করার উদ্দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত