ঘূর্ণিঝড় ফণির প্রভাবে গত শুক্রবার রাত থেকে প্রচুর বৃষ্টিতে গাজীপুরের বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে। নগরীর বিভিন্ন সড়কে পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে এবং গর্ত সৃষ্টি হয়ে রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে লাখ লাখ মানুষ। গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ ও সড়ক বিভাগের লোকজন রাস্তাটি সচল রাখতে হিমশিম খাচ্ছে।
সরেজমিন দেখা গেছে, গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে চলছে ফ্লাইওভার তৈরির কাজ। এসব স্থানে রাস্তা সরু হয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এছাড়া রাস্তার পাশের ড্রেনের পানি সড়কে উপচে গিয়ে মহাসড়কটি তলিয়ে গেছে। এতে বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড, গাজীপুরা এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। গতকাল শনিবার সকাল থেকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়, গাজীপুরা, সাইনবোর্ড এলাকায় তীব্র যানজট লেগে থাকে। অনেক ভারী যানবাহন সড়কের গর্তে আটকে গিয়ে যানজট সৃষ্টি হতে দেখা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার শরিফুর রহমান জানান, ট্রাফিক পুলিশ বিআরটি প্রকল্পের কর্মকর্তাদের দিয়ে সড়কের ভাঙা অংশ মেরামত করে রাস্তা সচল রাখার চেষ্টা করে যাচ্ছে। যানজট নিরসনে যা যা করা দরকার তা পুলিশ করছে।
