নারায়ণগঞ্জের আড়াইহাজারে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় ওই শিক্ষার্থী বাড়ির পাশে একটি মুদি দোকানে ডিম কিনতে গেলে দোকানি ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
ঘটনার পর থেকে দোকানি আলাউদ্দিন পলাতক। গতকাল শনিবার তাকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।
ওই শিক্ষার্থীর স্কুলের প্রধান শিক্ষক আবদুল মতিন বলেন, ‘ধর্ষণের শিকার শিক্ষার্থী অত্যন্ত মেধাবী। আমি ধর্ষককে দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বিজয় কৃঞ্চ কর্মকার দেশ রূপান্তরকে জানান, ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষককে গ্রেপ্তারে অভিযান চলছে।
