মেয়ের বান্ধবীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৬ মে ২০১৯, ০২:৪৮ এএম

রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় মেয়ের বান্ধবী ৮ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসান মিয়া (৫০) নামে এক চা দোকানির বিরুদ্ধে। এ অভিযোগ এনে শিশুটির বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা সাংবাদিকদের জানান, গতকাল রবিবার দুপুর ২টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানে হাসানের মেয়ে খুশির সঙ্গে তার মেয়ে খেলা করছিল। এ সময় হাসান কৌশলে তার মেয়েকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। স্থানীয়রা টের পেয়ে হাসানকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘বুদ্ধিজীবী কবরস্থানের পাশে একটি বাড়িতে চা দোকানদার হাসান মিয়া ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে বলে জানিয়েছেন তার মা-বাবা। স্থানীয়রা ধর্ষককে ধরে গণধোলাই দিয়ে সন্ধ্যায় থানায় সোপর্দ করে।’ তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছে। মেডিকেল রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা বোঝা যাবে।’

এদিকে লক্ষ্মীপুরের রায়পুরে এক তরুণীকে বাসায় আটক রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার হোমনায় নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

 

সিরাজগঞ্জের কামারখন্দ নান্দিনা কামালিয়া গ্রামের এক কলেজছাত্রী শ্লীলতাহানির অভিযোগে গতকাল দুপুরে আদালতে মামলা করেছে। গাজীপুরের কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল আহেদের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

ফেনীর সোনাগাজীতে গতকাল দুপুরে নবম শ্রেণির স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে দুই বখাটেকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় চেয়ারম্যান।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রী ঝুমুরকে ধর্ষণ ও হত্যার ঘটনার পরও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর লক্ষ্মীপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে : লক্ষ্মীপুরের রায়পুরে এক তরুণীকে (১৫) বাসায় আটক রেখে ধর্ষণের অভিযোগে সোহাগ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার বিকেলে রায়পুর উপজেলার নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এর আগে শনিবার রাতে ওই তরুণীর মা বাদী হয়ে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল সকালে মোবাইল ফোনে কৌশলে ওই তরুণীকে ডেকে নিয়ে যায় সোহাগ। পরে উপজেলার একটি বাসায় আটকে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। ওই কিশোরী বিষয়টি তার পরিবারকে জানানোর চার দিন পর শনিবার রাতে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন কিশোরীর মা।

তরুণীর মা জানান, স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করায় মামলা করতে বিলম্ব হয়েছে। মামলায় উপজেলার চরআবাবিল এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগকে আসামি করা হয়। রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কুমিল্লায় নবম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রী ধর্ষণের শিকার : কুমিল্লার হোমনায় নবম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দুপুরে কৃষিজমিতে বাবাকে খাবার দিয়ে ফেরার সময় সুমন নামে এক মাদক কারবারি তুলে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় গত শনিবার রাতে থানায় মামলা হয়েছে। সুমন পলাতক রয়েছে।

হোমনা থানার ওসি ফজলে রাব্বি জানান, শনিবার রাতে অভিযোগ পেয়েছি, তবে ঘটনার পর থেকে অভিযুক্ত সুমন পলাতক এবং তার বিরুদ্ধে হোমনা থানায় মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সোনাগাজীতে নবম শ্রেণির স্কুলছাত্রকে বলাৎকার : ফেনীর সোনাগাজীতে রবিবার দুপুরে নবম শ্রেণির স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে দুই বখাটেকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় চেয়ারম্যান। তারা হলোÑ চরছান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরছান্দিয়া গ্রামের সিরাজ (৪০), একই গ্রামের গোলাপ মাওলা রাসেল (৩০)।

তবে অভিযোগ অস্বীকার করে সিরাজ ও রাসেল জানায়, পারিবারিক বিরোধের জেরে মিথ্যা অভিযোগ এনে তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

জানা যায়, বলাৎকারের অভিযোগে চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনের কাছে লিখিত অভিযোগ দাখিল করে ভুক্তভোগীর পরিবার। রবিবার সকালে অভিযুক্তদের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তলব করেন চেয়ারম্যান। উভয়পক্ষের বক্তব্য শুনে ঘটনার সত্যতা পাওয়ায় দুজনকে থানায় সোপর্দ করা হয়।

সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুদ্দিন জানান, স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে দুজন থানা হাজতে রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

সিরাজগঞ্জে কলেজছাত্রীকে শ্লীলতাহানি : সিরাজগঞ্জের কামারখন্দ নান্দিনা কামালিয়া গ্রামের এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গতকাল দুপুরে আদালতে মামলা করা হয়েছে। সিরাজগঞ্জ সরকারি কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ওই ছাত্রী সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালতে এ মামলাটি করেন। শুনানি শেষে বিচারক আব্দুল্লাহ আল মামুন মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলো, কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৪৫), সোবাহান মাস্টারের ছেলে হাসানুর রহমান (৩৫) এবং সাইদুল ইসলামের ছেলে মাহফুজ (১৯)।

মামলার নথি থেকে জানা যায়, গত ৩ মে কলেজছাত্রী গরমের কারণে রাত ৯টার দিকে বাড়ির সামনে রাস্তায় হাঁটাচলা করছিলেন। এ সময় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা আসামিরা কলেজছাত্রীকে শ্লীলতাহানি করে। কলেজছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এ সময় আসামিরা পালিয়ে যায়।

গাজীপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ : গাজীপুরের কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল আহেদের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ঘটনা তদন্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেনÑ উপজেলা মৎস্য অফিসার মো. লতিফুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত। এ ব্যাপারে জানতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল আহেদকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত