কক্সবাজারের টেকনাফ ও সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর।
কক্সবাজার : নিহত আবদুল্লাহ (৩২) টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে। বিজিবি জানিয়েছে, গতকাল রবিবার ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের খোনকারপাড়া মেরিন ড্রাইভ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি ওয়ান শুটারগান ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান জানান, খোনকারপাড়া বিচ এলাকায় মাদক পাচারের জন্য বেশ কয়েকজনের অবস্থান নেওয়ার খবরে ভোররাত সাড়ে ৪টার দিকে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
সাতক্ষীরা : নিহত নোবা সরদার (৫৫) কালীগঞ্জের নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামের ঠা-াই সরদারের ছেলে। পুলিশ বলছে, তিনি কালীগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে জোড়া খুনসহ চারটি হত্যাসহ ১৬টি মামলা রয়েছে। গতকাল সকালে ভাড়াশিমলা ইউনিয়নের সুলতানের মোড়ে প্রধান সড়কের কাছ থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ সময় সেখানে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, রামদা ও বোমা পাওয়া যায়। কালীগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, আগের রাতে প্রতিপক্ষের সঙ্গে বন্দুকযুদ্ধে নোবা মারা যান।
