মতিঝিল আইডিয়ালে জিপিএ ৫ কমেছে

আপডেট : ০৭ মে ২০১৯, ০২:০৬ এএম

এসএসসি পরীক্ষায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ হাজার ২৪৮ জন জিপিএ ৫ পেয়েছে। এবার পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস ১ হাজার ৮৯৪ জন। পাসের হার ৯৯ দশমিক ৪২ শতাংশ। এবার গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ ৫ কিছুটা কমেছে। গতবার জিপিএ ৫ পেয়েছিল ১ হাজার ৫৬৬ জন।

এবার ১১ শিক্ষার্থী অসুস্থতার কারণে সব বিষয়ের পরীক্ষা দিতে না পারায় অকৃতকার্য হয়েছে। বিজ্ঞান বিভাগে ১ হাজার ৬১৭ জন শিক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ১ হাজার ৬১১ জন, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২১৩ জন। ব্যবসায় শিক্ষা থেকে পরীক্ষা দেয় ২৮৮ জন, পাস ২৮৩ জন। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৫ জন।

গত বছর প্রতিষ্ঠানটি থেকে ১ হাজার ৮০৯ জন পরীক্ষার্থীর মধ্যে দুজন একটি করে পরীক্ষা দেয়নি। ১ হাজার ৫৬৯ জন বিজ্ঞান ও ২৪০ জন ব্যবসায় শিক্ষা থেকে পরীক্ষা দেয়। ফলাফলের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, ‘সারা দেশে এ বছর পাসের হার বাড়লেও জিপিএ ৫-এর সংখ্যা কম। গতবারের তুলনায় আমাদের প্রতিষ্ঠানেও জিপিএ ৫ সামান্য কম; তবে আমি প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে সন্তুষ্ট।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত