ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি বাবা হয়েছেন। ব্রিটিশ রাজপরিবারে তাই এসেছে নতুন অতিথি। প্রিন্স হ্যারির স্ত্রী মেগানের কোলজুড়ে ফুটফুটে রাজপুত্র এসেছে বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রিন্স হ্যারি এই শুভ খবর সবাইকে জানিয়ে দিয়ে বলেন, ‘আমরা সত্যিই রোমাঞ্চিত। মেগান অন্তঃসত্ত্বা হওয়ার পর পুরো সময়টাতে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। মা-ছেলে সুস্থ আছেন। নতুন রাজপুত্রের নাম এখনো ঠিক হয়নি। বিষয়টি নিয়ে ভাবছি আমরা। স্থানীয় সময় ভোর ৫টা ২৬ মিনিটে পৃথিবীর আলো দেখে নতুন রাজপুত্র।’
রানী দ্বিতীয় এলিজাবেথের সরকারি বাসভবন বাকিংহাম প্যালেস জানায়, নতুন রাজপুত্রের ওজন হয়েছে ৭ পাউন্ড ৩০ আউন্স। এই খবরে রাজপরিবারে খুশির বন্যা বয়ে যায়। রানী এলিজাবেথ, ডিউক অব এডিনবার্গ, প্রিন্স অব ওয়েলস, ডাচেস অব কর্নওয়েল, ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজসহ সবাই উৎফুল্ল। প্রথম নাতি হওয়ার খবরে দারুণ খুশি ডাচেস অব সাসেক্স মেগানের মা ডরিয়া রাগল্যান্ড।
গত বছরের ১৯ মে মেগানকে বিয়ে করেন হ্যারি। ১৫ অক্টোবর কেনসিংটন প্যালেস মেগানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে।
