মুন্সীগঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. সুজন মিয়া ওরফে টেঙ্গর সুজন (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সুজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব।
সোমবার দিবাগত গভীর রাত ২টার দিকে সদরের রামশিং এলাকায় কথিত ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত সুজন গোবিন্দনগর বাঁশতলা রিকাবীবাজার এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে।
র্যাব-১১ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, সোমবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার রামপাল ইউনিয়নের রামশিং এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী সুজন মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালায় র্যাব সদস্যরা।
এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক মামলার আসামি সুজন ও তার সঙ্গীরা হঠাৎ গুলি ছোড়ে। জবাবে র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়ে।
উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শেষে একপর্যায়ে সুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
র্যাবের এই কর্মকর্তা জানান, বন্দুকযুদ্ধে মহসিন নামে এক র্যাব সদস্যও আহত হন। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১ হাজার ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ দেড় হাজার টাকা জব্দ করে।
নিহত সুজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং ১১টি মামলার আসামি বলে জানিয়েছে র্যাব-১১।
