প্রধানমন্ত্রীর বক্তব্য একদলীয় শাসনের বহিঃপ্রকাশ : ফখরুল

আপডেট : ০৮ মে ২০১৯, ০৩:৫৫ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়ে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য ‘একদলীয় শাসনের বহিঃপ্রকাশ’। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘চেয়ারপারসনের মুক্তি নিয়ে প্রধানমন্ত্রী লন্ডনে যা বলেছেন তাতে আমি উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা-প্রতিবাদ জানাচ্ছি। দেশনেত্রীর মুক্তি যদি প্রধানমন্ত্রীর ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে তাহলে সেটি শুধু উদ্বেগজনকই নয় বরং তা সামগ্রিকভাবে দেশ ও জনগণের জন্য এক অশুভ আগামীর ইঙ্গিতবাহী। দেশে যে ন্যূনতম গণতন্ত্র নেই বরং একদলীয় শাসনের চরম বহিঃপ্রকাশ ঘটেছে তা লন্ডনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে সুস্পষ্ট হয়েছে। আইনের শাসন, আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচার নিয়ে দেশের গণতান্ত্রিক শক্তি বারবার যে প্রশ্ন উত্থাপন করেছে সেটি যে ন্যায়সঙ্গত তা আবারও প্রমাণিত হলো।’

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর এই বক্তব্যে অসহায় মানুষের প্রতিকার পাওয়ার শেষ আশ্রয়স্থলের ওপর আস্থার ঘাটতি সৃষ্টি হবে। চরম নৈরাজ্য নেমে আসবে রাষ্ট্র ও সমাজে। সাধারণ জনগোষ্ঠীর মধ্যে ভয় ও শঙ্কার পরিধি বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে পুরো জাতি উৎকণ্ঠিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত