লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাউধেরখীল গ্রামের নোহা পোলট্রি ফার্মে মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ হাজার মোরগ ও বিপুল পরিমাণ মোরগের খাবার পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার গভীর রাতে মো. মানিক হোসেনের ফার্মে এ আগুনের ঘটনা প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ফার্মের মালিক। এ ছাড়া তার দাবি দুষ্কৃতকারীরা পেট্রোল ঢেলে আগুন দিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে।
আগুন লাগার খবর পেয়ে রামগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ফার্মের সব মোরগ পুড়ে ছাই হয়ে যায়।
রামগঞ্জ থানার এস. আই জহির উদ্দিন বলেন, আমি রাতে টহলে থাকতে অগ্নিকাণ্ড দেখে দ্রুত রামগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিয়ে নিজেরা চেষ্টা করি আগুন নিয়ন্ত্রণে। কীভাবে আগুন লেগেছে তা তদন্তের পর বলা যাবে।
