সালমান খানের ভক্তদের জন্য দারুণ সুখবর দিলেন বলিউড অভিনেতা ও প্রযোজক অতুল অগ্নিহোত্রী। অতুল জানিয়েছেন, ‘ভেটেরান’ নামের কোরিয়ান একটি ছবির রিমেকে এবার গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের ভাইজান। ইতোমধ্যেই অতুল ছবির স্বত্ব কিনেছেন।
অতুল অগ্নিহোত্রী বলেছেন, ‘আমি ছবিটা দেখেছি এবং আমার ভালো লেগেছে। আমার মনে হয় সালমানের সঙ্গে এই ছবিটি করা যাবে। এটা একটা ক্লাস ছবি। আমি ওকে দেখিয়েছি, ওরও দারুণ লেগেছে। সালমান ছবিটি করতে রাজি হয়েছেন। সালমান ছবিতে গোয়েন্দার চরিত্র করবেন।’
২০১৫-র কোরিয়ান ফিল্মে একজন গোয়েন্দা একজন যুবকের ক্রাইম সিন্ডিকেট চালানোর চক্রকে খুঁজে বের করবেন। অতুল জানিয়েছেন, ভারতীয় দর্শকের পছন্দ মতো ছবিতে কিছু জিনিস নতুন করে দেওয়া হতে পারে।
অন্যদিকে বলিউডে সুপারস্টার সালমান আপাতত ‘ভারত’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত। ভারতও একটি কোরিয়ান ছবি থেকে অনুপ্রাণিত। এই ছবির সহ-প্রযোজকও অতুল অগ্নিহোত্রী। ভারত মুক্তি পাওয়ার কথা আগামী ৫ জুন।
×
