প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন উত্তোলনের পর তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রসপেক্টাসে থাকা আর্থিক তথ্য পুনরায় পর্যালোচনা করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। স্টক এক্সচেঞ্জের পর্যালোচনায় কোম্পানিটির আর্থিক তথ্যে কোনো গরমিল দেখা গেলে এ বিষয়ে ব্যবস্থা নিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে পাঠানো হবে। গতকাল ডিএসইর নিয়মিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া ডিএসইর পর্ষদ সভায় এসিআই লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানির লোকসান পর্যালোচনায় গঠিত কমিটির কার্যক্রম পর্যালোচনা করা ও মুন্নু সিরামিকসের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা দিয়ে এক মাসের মধ্যে তা বিক্রি না করার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্ষদ সভা শেষে ডিএসইর পরিচালক মো. রকিবুর রহমান সাংবাদিকদের জানান, কপারটেকের আইপিও প্রসপেক্টাসের আর্থিক তথ্যে গরমিলের বিষয়টি সংবাদমাধ্যমে এসেছে। পাশাপাশি এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) পক্ষ থেকেও কোম্পানিটির অসঙ্গতির বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিষয়ে উদ্বেগ জানিয়ে ডিএসইর কাছে চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে এরই মধ্যে ডিএসইর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কথা চালাচালি হচ্ছে। ডিবিএ’র চিঠি আমলে নিয়ে ডিএসইর পর্ষদ আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে কপারটেকের আইপিও প্রসপেক্টাস পর্যালোচনা করে কোনো গরমিল রয়েছে কিনা, তা দেখতে বলা হয়েছে। এসব বিষয় ছাড়াও গতকালের বৈঠকে ডিএসইর নিকুঞ্জের কার্যালয়ে একটি অত্যাধুনিক ডাটা সেন্টার স্থাপনের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করাসহ আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়েছে।
