নৌপথে ঈদের আগের সপ্তাহ থেকে ‘বিশেষ সেবা’

আপডেট : ১১ মে ২০১৯, ০২:২৪ এএম

দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য ঈদের আগের সপ্তাহ থেকেই এবার ‘বিশেষ সেবা’ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও লঞ্চ মালিকদের সংগঠন। ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (ট্রাফিক) আলমগীর কবীর দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিবছর ঈদে ৩০-৩৫ লাখ যাত্রী যাতায়াত করে। আমাদের লঞ্চসংখ্যা সে তুলনায় কম। যাত্রীদের চাপ ও লঞ্চ মালিকদের চাহিদা অনুযায়ী বিশেষ সেবার সময় নির্ধারণ করা হয়। প্রতিবছর ৪-৫ দিন আগে থেকে স্পেশাল সার্ভিস শুরু হলেও এবার এক সপ্তাহ আগে থেকে চালু করা হবে।

যাত্রীদের নৌপরিবহন সংক্রান্ত সবধরনের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৯ তারিখ নৌপরিবহনে জড়িত সবার সঙ্গে আলোচনা করে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে বলেও তিনি জানান।

লঞ্চমালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশকিছু লঞ্চ-প্রতিষ্ঠান ২০ রমজানের পর থেকে অনলাইনে এবং ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে টিকিট বিক্রি শুরু করবে। দীর্ঘ সরকারি ছুটি থাকায় যাত্রীর চাপ বেশি থাকার সম্ভাবনা আছে। তাই ডকে উঠিয়ে রাখা লঞ্চগুলোকেও প্রস্তুত করা হচ্ছে।

প্রায়ই ঈদে পুরনো ফিটনেসবিহীন লঞ্চ রং করে নামানোর চেষ্টা চলে। এই নিয়ে জানতে চাইলে আলমগীর কবীর বলেন, শিপিংয়ের সার্ভে ছাড়া কোনো লঞ্চ ছাড়ার সুযোগ নেই। প্রতিবছর শিপিং কর্র্তৃপক্ষ লঞ্চের ফিটনেস পরীক্ষা করে সার্ভে সনদ দেয়। সার্ভে সনদ ছাড়া কোনো লঞ্চকে ঘাটে ভিড়তে দেওয়া হবে না। সবকিছু তদারকির জন্য সার্বক্ষণিক নৌপুলিশ ছাড়াও বিআইডব্লিউটিএর স্পেশাল টিম থাকবে।

বিআইডব্লিউটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সর্বশেষ প্রস্তুতি অনুযায়ী ঈদে ঢাকা-বরিশাল নৌরুটে ছয়টি রকেট স্টিমার ও ৩৬টির অধিক বেসরকারি কোম্পানির লঞ্চ যাত্রী পরিবহন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত