একা লিফটে দুই দিন আটকে ছিলেন এক নারী। অন্যদিকে কিছুতেই তার খোঁজ পাচ্ছিলেন না স্বজনেরা। এই ৪৮ ঘণ্টা তার কাছে ছিলো না খাবার বা পানীয়।
শেষ পর্যন্ত নিজেই বেঁচে থাকার পথ খুঁজে বের করলেন। পান করলেন প্রস্রাব। পরে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
ঘটনাটি ইংল্যান্ডের কেন্ট প্রদেশের হাভেল স্কয়ারের মারগেট অ্যাডাল্ট এডুকেশন সেন্টারের। শুক্রবার অফিস শিফট শেষ হওয়ার পর সেই ব্রিটিশ নারী লিফটে ওঠেন। হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দিলে তিনি আটকে পড়েন।
খাবার-পানি ছাড়া কঠিন অবস্থায় বুদ্ধি হারাননি তিনি। সেই মোতাবেক পদক্ষেপ নিতে পেরেছিলেন বলেই প্রাণে বেঁচে ফিরেছেন। এই ৪৮ ঘণ্টায় জলশূন্যতা দূর করতে নিজের প্রস্রাব পান করেছিলেন।
লিফটে আটকে পড়ার পর অনেকবার নিজের থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকেন তিনি। কিন্তু আশপাশে সেই সময় কেউ ছিলো না। ফলে প্রথম দফায় তার আটকে পড়ার বিষয়টি কেউ বুঝতেও পারেনি।
দুই দিন নিখোঁজ থাকার পর ওই নারীর পরিবারের লোকজন পুলিশে ডায়েরি করেন। এরপরই লিফটের দরজা ভেঙে পুলিশ তাকে উদ্ধার করে। পাঠানো হয় হাসপাতালে।
তবে কেউ ইচ্ছাকৃতভাবে লিফটে আটকে রেখেছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
