জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি। বিশ্ব মা দিবস উপলক্ষে নির্মিত নাটক ‘জগৎ সংসার’-এ অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ব্যস্ততা রয়েছে ঈদের নাটক এবং ধারাবাহিক নিয়ে। সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। ছবি : শেখ সাদী
মা দিবসের নাটক ‘জগৎ সংসার’ নিয়ে জানতে চাই...
নাটকটি আজ রাত ১০টায় নাগরিক টেলিভিশনে প্রচার হবে। গল্প ও পরিচালনা করেছেন রীদম খান শাহীন। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আহসান হাবিব সকাল। এতে আরও অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, তৌকীর আহমেদ, সুষমা সরকার, সুমনা সোমা প্রমুখ। আবদুল্লাহ আল মামুন স্যারের রচনা ও পরিচালনায় ‘চিঠি’ নাটক দিয়ে আমার অভিনয়জীবন শুরু। সেই সিনেমাতেই আমি সহশিল্পী হিসেবে পেয়েছিলাম কিংবদন্তি ফেরদৌসী মজুমদারকে। দীর্ঘ ১৯ বছর পর আবার তার সঙ্গে কাজ করলাম। তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে শিক্ষণীয়।
‘লাকি থার্টিন’ ও ‘সোনাভান’ নামে দুটি ধারাবাহিকে কাজ করছেন...
হ্যাঁ, নাটক দুটি প্রচার হচ্ছে। বাল্যবিয়ে ও বহুবিয়ে আমাদের সামাজিক অবকাঠামোকে ঘুণপোকার মতো কুরে কুরে খেয়ে বিকলাঙ্গ করে দিচ্ছে। যার প্রভাব গ্রাম্য সমাজব্যবস্থায় আরও বিভীষিকাময়। ‘লাকি থার্টিন’ নাটকটিতে কমেডির মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়টি দর্শকের সামনে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। আমার অভিনীত চরিত্রটির নাম বিলকিস। যে এমনই কিছু রূঢ় বাস্তবতার সম্মুখীন হয়। আর ‘সোনাভান’ নাটকটি মুক্তিযুদ্ধকালীন বিচ্ছিন্ন কিছু ঘটনার প্রেক্ষাপটে নির্মিত। যুদ্ধ-পরবর্তী সময়ে বাঙালির সামাজিক ও পারিবারিক অবস্থার পরিবর্তন, পরিমার্জন, সর্বোপরি একটি যুদ্ধবিধ্বস্ত বিকলাঙ্গ জাতির আবার ঘুরে দাঁড়ানোর গল্প।
কাজের সমালোচনা কীভাবে দেখেন?
আমার কাছে সমালোচনা হচ্ছে স্প্রিংয়ের মতো। পড়ে গেলে স্প্রিংয়ের ধাক্কায় আবার আগের চেয়ে অনেক ওপরে চলে যাই। কখনোই হতাশ হই না। আমি বিশ্বাস করি, কঠিন সময় এবং পরিস্থিতির মধ্য দিয়েই মানুষ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারে।
এখনকার নাটকে নিজেকে ভিন্নরূপে তুলে ধরার সুযোগ কতটুকু মেলে?
একজন অভিনয়শিল্পীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটি দুর্বল চিত্রনাট্য এবং গতানুগতিক নির্মাণের নাটকে বা চলচ্চিত্রে নিজের অভিনয় ক্ষমতা দিয়ে চরিত্রটিকে গ্রহণযোগ্য করে তুলতে পারা। তাই অভিনীত চরিত্রটিকে ভিন্ন করে উপস্থাপনের ক্ষেত্রে অভিনেতার নিজস্ব একটি ভূমিকা রয়েছে। তবে একটি কাজ ভালো হয় সামগ্রিক প্রচেষ্টায়। সব সময় ভালো গল্প, পরিচালক বা টিম পাওয়া যায় না। তাই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অভিনীত চরিত্রটি দর্শকের ভালো লাগার কেন্দ্রবিন্দুতে পৌঁছে দেওয়ার চেষ্টা।
